২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সক্ষমতা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেছে। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাইওনিয়ার ফুটবল লিগের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সক্ষমতা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেছে। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাইওনিয়ার ফুটবল লিগের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। ফেডারেশন কাপ, পেশাদার ফুটবল লিগ, সুপার কাপ ও স্বাধীনতা কাপের মতো অনেক টুর্নামেন্টের সফল আয়োজক বাফুফের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “ফুটবল খেলা হাজার বছরের বাঙালি সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। গ্রাম থেকে শহর পর্যন্ত খেলাধূলার অবকাঠামো উন্নয়ন, অনুকূল পরিবেশ তৈরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির কারণে ফুটবল আজ এই অবস্থানে উঠে এসেছে।” শুধু স্থানীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য পাওয়া বাফুফের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় (এসএ) গেমসে সোনা জয়, ২০১১ সালে বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের প্রথম রাউন্ডে পাকিস্তানকে হারানো, এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উন্নীত হওয়া সহ অসংখ্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের ফুটবলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাফুফে।” “মহিলা ফুটবলাররাও পিছিয়ে নেই। গত চার বছরে মহিলা ফুটবল অনেক সাফল্য অর্জন করেছে। মহিলা ফুটবল দল ফিফার র‌্যাঙ্কিংয়েও অন্তর্ভুক্ত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে মহিলা ফুটবলাররা অনেক উন্নতি করেছেন,” যোগ করেন প্রধানমন্ত্রী। সুস্থ-সবল দেহ-মনের জন্য খেলাধূলার অপরিহার্যতার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “খেলাধূলা শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান, কর্তব্যপরায়ণতা ও সহনশীলতার শিক্ষা দেয়। অপরাধ প্রবণতা কমায়। মাদক আসক্তিসহ নেতিবাচক প্রভাব থেকে যুব সমাজকে দূরে রাখে।” সব শেষে ফুটবলকে আরো এগিয়ে নিতে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবারের পাইওনিয়ার লিগে ৮১টি দল অংশ নিচ্ছে। খেলা হবে পাঁচটি অঞ্চলের দশটি মাঠে। প্রথম পর্ব শেষে সুপার লিগে উঠবে ২০ টি দল। এই প্রতিযোগিতার প্রায় দুই হাজার কিশোর ফুটবলারের ভেতর থেকে ১০০ প্রতিভা খুঁজে পাওয়ার আশা করছে বাফুফে। খেলোয়াড়দের উৎসাহিত করতে ম্যাচ সেরার পুরস্কার দেয়ার ব্যবস্থাও করছে আয়োজক কমিটি। এই পুরস্কার তুলে দেবেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর এক প্রীতি ম্যাচে বাফুফে সভাপতি একাদশ ১-০ গোলে পাইওনিয়ার লিগ সভাপতি একাদশকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩০ঘ.