২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক দিন পর রোনালদিনহোর হ্যাটট্রিক

প্রায় সোয়া এক বছর পর হ্যাটট্রিকের আনন্দে বিভোর রোনালদিনহো। সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের দুর্দান্ত নৈপুণ্যে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অ্যাতলেতিকো মিনেইরো ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিগুয়েইরেন্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সোয়া এক বছর পর হ্যাটট্রিকের আনন্দে বিভোর রোনালদিনহো। সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের দুর্দান্ত নৈপুণ্যে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অ্যাতলেতিকো মিনেইরো ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিগুয়েইরেন্সকে। গত বছরের জুলাইয়ে ফ্ল্যামেঙ্গোর জার্সি গায়ে সর্বশেষ হ্যাটট্রিকের দেখা পাওয়া রোনালদিনহোর এ মৌসুমের ঠিকানা মিনেইরো। নতুন দলকে তিনি এমন সময় হ্যাটট্রিক উপহার দিলেন যখন তার দল টানা চার ম্যাচে জয় না পেয়ে ভীষণ অস্বস্তিতে। শুধু নিজে তিন গোলই করেননি, দুই গোল করিয়ে মিনেইরোর বিশাল জয়ের অবিসংবাদিত নায়কও রোনালদিনহো। তার প্রথম গোলটি এক কথায় অসাধারণ। বক্সের বাইরে থেকে নেয়া সাবেক বার্সেলোনা তারকার একটি শট দেখে সবাই মনে করেছিল ক্রস। কিন্তু ফিগুয়েইরেন্সের গোলরক্ষককে বোকা বানিয়ে বল চলে যায় জালে। দ্বিতীয়টি ফ্রিকিক থেকে করার পর রোনালদিনহোর তৃতীয় ও শেষ গোল এসেছে পেনাল্টি থেকে। এরপর ডিফেন্ডার রেভার এবং স্ট্রাইকার বার্নার্ডের গোলের উৎসও তিনি। মিনেইরোর শেষ গোলদাতা কার্লোস সিজার। বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে মিনেইরোকে। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ফ্লুমিনেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৯ঘ.