২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার মাঠে কঠিন পরীক্ষায় রিয়াল

ন্যু ক্যাম্পে রোববার স্প্যানিশ লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ফুটবল মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। তবে দুঃসময় কাটিয়ে তার দল ছন্দে ফিরেছে বলে দাবি করেছেন রিয়ালের কোচ হোসে মরিনহো। সেই দাবির যথার্থতা প্রমাণের সুযোগ রোববার, বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। স্প্যানিশ লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রিয়াল-বার্সা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে। ৬ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে বার্সা। গতবার পুরো লিগে মাত্র দুটো ম্যাচ হেরেছিল রিয়াল। অথচ এবার প্রথম চার ম্যাচের দুটিতেই হারের বেদনায় আক্রান্ত মরিনহোর দল। রিয়ালের ‘স্পেশাল ওয়ান’ কোচ অবশ্য শিষ্যদের ওপর থেকে আস্থা হারাননি। ‘এল ক্লাসিকো’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বরাবরের মতো খেলোয়াড়দের ওপরে আমার আস্থা আছে। কঠোর পরিশ্রমী খেলোয়াড়দের ওপরে অবশ্যই পূর্ণ আস্থা রাখা যায়।” গেতাফে ও সেভিয়ার কাছে হেরে যাওয়ার পর খেলোয়াড়দের কড়া সমালোচনা করেছিলেন মরিনহো। তবে এরপর থেকে ঘুরে দাঁড়িয়েছে তার দল। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে রিয়াল, গোল করেছে ১৪টি। সর্বশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যেই রিয়ালের এই বদলে যাওয়া। পাল্টে যাওয়া দল নিয়ে মরিনহো আনন্দিত। তিনি বলেন, “আমার মনে হয় খেলোয়াড়রা বুঝতে পেরেছে যে তাদের বদলাতে হবে। তারা বুঝতে পেরেছে তাদের আরো বেশি অনুপ্রাণিত হতে হবে, মনযোগী হতে হবে। দল যেভাবে খেলছিল তাতে বাজেভাবে মৌসুমটা শেষ হতে পারতো।” এই ম্যাচে হেরে গেলে বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়তে হবে রিয়ালকে। ২০০৯-১০ ও ২০১০-১১ মৌসুমে লা লিগার শিরোপা জেতার সময় বার্সা ১৫ ও ১৮ পয়েন্ট নষ্ট করেছিল। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে রিয়ালের নষ্ট হয়েছিল ১৪ পয়েন্ট। ঘরের মাঠে জিতে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে যেতে উদগ্রীব জাভি। বার্সেলোনার প্লেমেকার বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ জয় হতে পারে। যা আমাদের øায়ুকে আরো শান্ত করবে আর প্রধান প্রতিদ্বন্দ্বীকে ১১ পয়েন্ট পেছনে ফেলবে। এটা আমাদের জন্য বিশাল এক সুযোগ। তবে আমরা জিতলেও তা শিরোপা নির্ধারক বলে বিবেচনা না করাই ভালো। লিগের এখনো অনেক খেলা বাকি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৮ঘ.