ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় দিনেই মৌসুম-সূচক ফেডারেশন কাপ বিদ্যুৎ বিভ্রাটের কবলে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-নোয়াখালী ফুটবল অ্যাকাডেমি ম্যাচের ৭৩ মিনিটের সময় বিদ্যুৎ চলে যায়। ৪০ মিনিট অপেক্ষা করার পরও বিদ্যুৎ না আসায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচটি নতুন করে হবে। তবে কবে হবে সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
পরিত্যক্ত ঘোষণার আগে মুক্তিযোদ্ধা ২-০ গোলে এগিয়ে ছিল। ২২ ও ২৭ মিনিটে দুটো গোলই মোহাম্মদ ইউসুফের।
শনিবারের প্রথম ম্যাচে সজীব হোসেনের হ্যাটট্রিকে ফেনী সকার ক্লাব ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। সজীবের গোল তিনটি এসেছে ১৬, ৫৩ ও ৮৩ মিনিটে।
এটি টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক। শুক্রবার উদ্বোধনী দিনে ফেনীর রামপুর বয়েজ ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেন মোহামেডানের বেনিনের স্ট্রাইকার ওলাদিকপো ওলালেকান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৬ঘ.
bdnews24