ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘আজকের কিশোর আগামী দিনের তারকা’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে রোববার থেকে শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী দিনে লিগের কোনো খেলা নেই। তবে কিশোর ফুটবলারদের উৎসাহিত করতে ৫০ মিনিটের এক ম্যাচে মুখোমুখি হবে বাফুফে সভাপতি একাদশ ও পাইওনিয়ার লিগ সভাপতি একাদশ নামে দুটি দল। তার আগে শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীদের অংশ গ্রহণে ১৫ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এবারের পাইওনিয়ার লিগে অংশ নিচ্ছে ৮১টি দল। খেলা হবে পাঁচটি অঞ্চলের দশটি মাঠে। প্রথম পর্ব শেষে সুপার লিগে উঠবে ২০টি দল।
লিগের প্রায় দুই হাজার কিশোর ফুটবলারের ভেতর থেকে অন্তত ১০০ প্রতিভা খুঁজে পাওয়ার আশা করছে বাফুফে।
ফুটবলারদের উৎসাহিত করতে ম্যাচ সেরা পুরস্কার দেয়ার সিদ্ধান্তও নিয়েছে আয়োজক কমিটি। এই পুরস্কার তুলে দেবেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩৯ঘ.
bdnews24