ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার শুরু হচ্ছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট গ্রামীণফোন ফেডারেশন কাপ। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ফেনীর রামপুর বয়েজ ক্লাবের ম্যাচ। সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে এই মৌসুমের কাগজে-কলমে সেরা দল শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে লড়াইয়ে নামবে ফেডারেশন কাপের বর্তমান রানার্সআপ বিজেএমসি ও খুলনা আবাহনী ক্রীড়া চক্র। ম্যাচটি বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে।
মোহামেডান কোচ সাইফুল বারী টিটু মৌসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চান। তিনি বলেন, “প্রতিপক্ষ যে দলই হোক না কেন আমার লক্ষ্য থাকবে জয়। কারণ মোহামেডান চ্যাম্পিয়ন ফাইট দেয়ার জন্যই দল গঠন করেছে। তাই প্রতিটি ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ন।”
“দল হিসেবে মোহামেডান যথেষ্ঠই গোছানো। তাই বলে প্রতিপক্ষকে হালকা করে দেখার কোন অবকাশ নেই,” যোগ করেন টিটু।
শেখ রাসেল কোচ মারুফুল হক দৃঢ় আত্মবিশ্বাসী তার দল জিতবেই। তিনি বলেন, “প্রতিপক্ষ পুলিশ সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে খেলতে এসেছে তারা, তাই একেবারেই দুর্বল ভাবা চলবে না তাদের। তবে আমার দলের জয়ের পথে তারা খুব একটা বাঁধা হতে পারবে না বলে আমার বিশ্বাস।”
“তাছাড়া শেখ রাসেলের প্রতিটি বিভাগেই আছেন বেশ কয়জন অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য খেলোয়াড়। নির্দীধায় তাদের ওপর আস্থা রাখা যায়। আমার দৃঢ় বিশ্বাস প্রথম ম্যাচ থেকেই তার প্রমান রাখবেন তারা,” যোগ করেন শেখ রাসেল কোচ।
বিজেএমসি কোচ জাকারিয়া বাবু এবারো আশাবাদী তার দল চমক দেখাবে। তিনি বলেন, “প্রথমবার খেলতে এসেই আমার দল যে চমক দেখিয়েছে, আশা করছি এবারো তার ধারাবাহীকতা অব্যাহত থাকবে।’
“কারণ আমার দল যথেষ্ঠই শক্তিশালী। এই দলে আছেন বেশ কয়জন নির্ভরযোগ্য খেলোয়াড়। যারা পারেন দলকে এগিয়ে নিতে,” যোগ করেন বিজেএমসি কোচ।
এদিকে ফেডারেশন কাপে এই মৌসুমে ১৫ টি দল অংশ নিচ্ছে। দুটি গ্র“পে ভাগ হয়ে দলগুলো লড়াইয়ে নামবে। অবশ্য ১৬ টি দল অংশ নেয়ার কথা ছিলো। শেষ মুহুর্তে নাম প্রত্যার করে নেয় কক্সসিটি এসসি।
চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার। রানার্সআপ দলকে দেয়া হবে ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা। সমপরিমান অর্থ পাবেন সর্বোচ্চ গোলদাতাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৪০ঘ.
bdnews24