২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার প্রতিশোধের ‘মিশন’

লড়াইটাকে বলা হচ্ছে ‘সুপারক্লাসিকো’। ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের জন্য এই নাম একেবারে যথার্থ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সময় আর্জেন্টাইনদের মনে একটা কথাই প্রতিধ্বনিত হবে, ‘প্রতিশোধ!’ দুই সপ্তাহ আগে ব্রাজিলের কাছে হারের শোধ নেয়ার সুযোগ নিশ্চয়ই তারা হাতছাড়া করতে চাইবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লড়াইটাকে বলা হচ্ছে ‘সুপারক্লাসিকো’। ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের জন্য এই নাম একেবারে যথার্থ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সময় আর্জেন্টাইনদের মনে একটা কথাই প্রতিধ্বনিত হবে, ‘প্রতিশোধ!’ দুই সপ্তাহ আগে ব্রাজিলের কাছে হারের শোধ নেয়ার সুযোগ নিশ্চয়ই তারা হাতছাড়া করতে চাইবে না। ইউরোপের লিগগুলোতে খেলা ফুটবলাররা নেই। তবে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বলেই ফুটবলপ্রেমীদের আগ্রহেরও কমতি নেই। ব্রাজিল অবশ্য তাদের সেরা তারকা নেইমারকে সঙ্গে পেয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ঘরের মাঠ গোইয়ানায় নেইমারের শেষ দিকের বিতর্কিত পেনাল্টিই ২-১ গোলের জয় এনে দিয়েছিল ব্রাজিলকে। বুধবার মেসি-তেভেজ-অ্যাগুয়েরো-হিগুয়াইনবিহীন আর্জেন্টিনার সামনে সেদিনের হিসাব চুকানোর পালা। আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর চাকোতে প্রতিশোধের ‘মিশন’ সফল করতে একটি বিষয় সাহায্য করতে পারে স্বাগতিকদের। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আর্জেন্টিনার এই দলটির চার জন খেলেন। স্ট্রাইকার হুয়ান ম্যানুয়েল মার্তিনেজ ও হার্নান বারকোস এবং মিডফিল্ডার পাবলো গুইনাজু ও ওয়াল্টার মনতিলোর ব্রাজিলে খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে ম্যারাডোনার দেশের। আর্জেন্টিনার ফরোয়ার্ড ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজের আশা, ঘরের মানুষের অকুণ্ঠ সমর্থন তাদের অনুপ্রাণিত করবেই। এই লড়াইয়ের জন্য ভিন্নভাবে নিজেদের প্রস্তুত করার কথাও জানিয়েছেন তিনি। রদ্রিগেজ বলেন, “আমরা বেশ কিছু কৌশলগত বিষয়ে কাজ করেছি।” ব্রাজিলের পাদপ্রদীপের আলো নেইমারকে ঘিরে। সান্তোসের হয়ে সদ্য কোপা সুদামেরিকানা জিতে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড দারুণ উজ্জীবিত। নেইমার বলেন, “অন্য যে কোনো দলের চেয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আমি সব সময় তাদের মুখোমুখি হতে পছন্দ করি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৬ঘ.