ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিওনেল মেসির ভদ্রতাবোধ এবং বিনয়ের কথা ফুটবল বিশ্বে কারো অজানা নয়। তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার আরো একবার বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত অর্জন আর বিশ্বসেরা ফুটবলার হওয়ার চেয়ে দলীয় সাফল্য আর সতীর্থদের ভালো বন্ধু হওয়া তার কাছে অনেক বড় ব্যাপার।
স্পেনের দৈনিক ‘এল পেইস’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “অন্য যে কারো চেয়ে ব্যক্তিগত পুরস্কার বা অনেক-অনেক গোল করার চাইতে দলের শিরোপা জয়কে বেশি গুরুত্ব দেই আমি। বিশ্বসেরা ফুটবলার হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। এটা (ভালো মানুষের সম্মান) শেষ হয়ে গেলে আর কী বাকি থাকে?”
“অবসরের পর আমি আশা করবো সবাই যেন আমাকে একজন ভদ্র মানুষ হিসেবে মনে রাখে। আমি গোল করতে পছন্দ করি ঠিকই, তবে একই সঙ্গে যাদের সঙ্গে খেলছি তাদের ভালো বন্ধু হিসেবে পেতেও পছন্দ করি,” যোগ করেন বার্সেলোনা তারকা।
গত মৌসুমে রেকর্ড ৭৩ গোল করা মেসি এবারো দারুণ ফর্মে। পেপ গার্দিওলা চলে গেলেও তার উত্তরসূরী টিটো ভিলানোভার অধীনে ১০ গোল করে টানা চতুর্থ বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার পথে এগিয়ে চলেছেন মেসি।
ভিলানোভার সঙ্গে তার পরিচয়ও বহু দিনের, বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে থাকার সময় থেকে। বার্সার নতুন কোচের প্রশংসায়ও মেসি পঞ্চমুখ।
এ প্রসঙ্গে এই সময়ের সেরা ফুটবলার বলেন, “পেপের (গার্দিওলা) উত্তরসূরী হিসেবে টিটোর (ভিলানোভা) নির্বাচিত হওয়ার খবর পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। ছেলেবেলা থেকেই আমি তাকে চিনি। টিটোই প্রথম ব্যক্তি, যিনি প্রথম আমার ওপরে আস্থা রেখেছিলেন। (বার্সেলোনার) অনূর্ধ্ব-১৬ দলে আমার প্রথম একাদশে সুযোগ পাওয়ার পেছনে তার বড় অবদান ছিল।”
“আমি তাকে ভালোভাবে চিনি। তিনি খোলা মনের মানুষ। তিনি বিন্দুমাত্র ইতস্তত না করে মুখের ওপরে আপনাকে সব কিছু বলে দেবেন। আমি এটা পছন্দ করি,” যোগ করেন মেসি।
সাক্ষাৎকারে আগামী সপ্তাহের এল ক্লাসিকোর প্রসঙ্গও উঠে এসেছিল। আগামী রোববার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী সম্পর্কে মেসির কণ্ঠে একই সঙ্গে সম্মান ও সতর্কতা।
তিনি বলেন, “গুরুত্বের কারণে (রিয়াল) মাদ্রিদকে হারানোর অনুভূতিই সবচেয়ে সেরা। তবে পাল্টা আক্রমণ থেকে মাদ্রিদ আপনাকে ধ্বংস করে দিতে পারে।”
“ওদের ভীষণ দ্রুতগতির কয়েক জন ফরোয়ার্ড আছে। ওদের রক্ষণ আর আক্রমণভাগের মধ্যে সংযোগ হতে মাত্র পাঁচ সেকেন্ড লাগে। আর তারপরেই গোল হয়ে যায়। কোনো দলের বিপক্ষে তিন গোল করতেও ওদের তেমন ভালো খেলার দরকার হয় না,” যোগ করেন আর্জেন্টাইন তারকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪৫ঘ.
bdnews24