ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে বুধবার থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও নবাগত বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৫টায়।
এবারের লিগের ১১টি দল হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ এমএফএস, ফেনী সকার ক্লাব ও বিজেএমসি।
শেখ জামাল ও বিজেএমসির সর্বশেষ লড়াইয়ের স্মৃতি ফুটবলপ্রেমীদের মনে এখনো তরতাজা। গত ২৪ জানুয়ারি ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় দুদল। সে লড়াইয়ে শেখ জামাল জিতেছে ৩-১ গোলে। তবে দীর্ঘ ২৭ বছর পর ফুটবলে ফিরে প্রথম টুর্নামেন্টেই বিজেএমসির ফাইনালে উত্তরণও কম চমকজাগানো নয়।
যদিও তাদের পেশাদার লিগের মূল স্তরে খেলার সুযোগ পাওয়াটা বিতর্কের ঊর্ধ্বে থাকেনি। দ্বিতীয় স্তরে না খেলে বিজেএমসি সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়ায় ফুটবলাঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
কলঙ্কের দাগ লেগে আছে শেখ জামালের গত মৌসুমের সাফল্যেও। বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হলেও পাতানো খেলার অভিযোগ উঠেছিলো তাদের বিরুদ্ধে। বাফুফের তদন্তে তা প্রমাণিত হওয়ায় শেখ জামালকে বিশ লাখ টাকা জরিমানাও দিতে হয়েছিলো।
এবারের লিগে তাই পাতানো খেলার জন্য কঠিন শাস্তির বিধান রেখেছে বাফুফে। নতুন আইনে কোনো দলের পাতানো খেলার সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হলে লিগ থেকে অবনমিত হয়ে যাবে সেই দলটি। গত বারের বাইলজে এই আইন না থাকায় বেঁচে যায় শেখ জামাল।
নতুন আইনের মতো পঞ্চম পেশাদার লিগের নামও নতুন। প্রথম তিনটি আসর হয়েছিল বি-লিগ নামে। গত মৌসুমে হয়েছিল বাংলাদেশ লিগ, আর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
নতুন নামের পেশাদার লিগের উদ্বোধনী ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না শেখ জামালের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, “শেখ জামাল শিরোপা প্রত্যাশী দল। প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। প্রথম ম্যাচেও জয় ছাড়া অন্য কিছুর কথা মনে স্থানও দিচ্ছি না।”
“তবে বিজেএমসি শক্তিশালী দল। ফেডারেশন কাপের ফাইনালে তাদের হারানোর কথা ভুলে যেতে চাই। ঐ ম্যাচটি ছিল নকআউট টুর্নামেন্টের, আর এটি লিগ। দুটি সম্পূর্ণ আলাদা। আমাদের সে কথা মাথায় রেখেই খেলতে হবে,” যোগ করেন শেখ জামালের কোচ।
বিজেএমসির কোচ জাকারিয়া বাবুর দৃষ্টিতেও ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুটো সম্পূর্ণ ভিন্ন প্রতিযোগিতা। তিনি বলেন, “টুর্নামেন্ট ও লিগকে কখনোই এক সারিতে নিয়ে আসা ঠিক নয়। দু ধরনের দুটি প্রতিযোগিতায় আমাদের পরিকল্পনাও ভিন্ন থাকে। লিগের প্রথম ম্যাচে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।”
“ফেডারেশন কাপের মতো লিগেও আমরা প্রতিটি ম্যাচ ভালো খেলতে চাই। আমাদের লক্ষ্য এক নম্বর দল হওয়া,” যোগ করেন বিজেএমসির কোচ।
শেখ জামাল ও বিজেএমসির এই লড়াইয়ে যে-ই জিতুক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমজমাট হওয়ারই কথা। উদ্বোধনী ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী ছাড়াও পেশাদার লিগের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, ঐতিহ্যবাহী মোহামেডান, এ মৌসুমের অন্যতম শক্তিশালী দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং শেখ রাসেল ক্রীড়াচক্রও শিরোপার দাবীদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৫ঘ.
bdnews24