২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএর ভোটাধিকার চায় বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) ভোটাধিকার চায় কর্মকতারা। সোমবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বোসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) ভোটাধিকার চায় কর্মকতারা। সোমবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বোসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। ডিএফএর ভোটাধিকার নিশ্চিত করেতে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন হয়েছে বাফুফের এই সভায়। হরুনুর রশিদের নেতৃত্বে এই কমিটির অন্য সদস্যরা হলেন মনজুর হোসেন মালু, আনোয়ারুল হক হেলাল, বাদাল রায় ও কাজী নাবিল আহমেদ। বাফুফের সাবেক সভাপতি এসএ সুলতান গত নির্বাচনের আগে ফিফার কাছে মুচলেকা দিয়ে এসেছিলেন পরবর্তী নির্বাচনে ডিএফএর ভোটাধিকার রাখা হবে না বলে। কাউকে কিছু না জানিয়ে তিনি নাকি এই কাজটি করেছিলেন। বাফুফের এদিনের সভায় তাই এর জন্য সুলতানকে দায়ী করা হয়েছে। বাফুফের এই সাবেক সভাপতি অবশ্য নিজের একক সিদ্ধান্তে এই কাজটি করেননি বলে দাবি করেন। তিনি বলেন, “বাফুফের বর্তমান সহ-সভাপতি বাদল রায় আমাকে এই পরামর্শ দিয়েছিলেন। তাই মুচলেকা দিয়ে আসতে হয়েছে। তাছাড়া সেই সময়কার কমিটির আরো অনেকেই বিষয়টা জানতেন। অবশ্য তাতে ফিফারও নির্দেশনা ছিল।” বাফুফের সাবেক সভাপতির এই কাজটি করা অন্যায় হয়েছে অথচ দাবি করেন বাদল রায় । তিনি বলেন, “এসএ সুলতানের উচিত ছিল বিষয়টা সবাইকে জানানো। কিন্তু তিনি তা করেননি। আমাদের সবাইকে অন্ধকারে রেখে তিনি ফিফার কাছে মুচলেকা দিয়ে এসেছেন।” অবশ্য ফিফাও চাচ্ছে জেলা ফুটবল এসোসিয়েশন ভোট দেবে বিভাগীয় ফুটবল এসোসিয়েশনকে। আর বিভাগীয় ফুটবল এসোসিয়েশন সরাসরি ভোট দেবে বাফুফেকে। গত নির্বাচনের আগেই ফিফা এই নিয়মটি জারি করেছিলেন। আর এই কারণেই বাফুফের সাবেক সভাপতিকে মুচলেকা দিতে হয়েছে। তা না হলে সেই সময় নির্বাচন হতো না। ২০০৮ সালের ২১ মার্চ এসএ সুলতান ফিফার কাছে মুচলেকাপত্র পাঠান যে, পরের নির্বাচনে ডিএফএর কোন ভোটাধকার রাখা হবে না। সেই সময়কার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালুও নাকি বিষয়টা জানতেন না। তিনি বলেন, “ সুলতান সাহেব আমাকে না জানিয়েই চিঠিটা পাঠিয়েছেন। আমি একেবারেই অবগত ছিলাম না।” ডিএফএর ভোটাধিকার নিশ্চিত না হলে বাফুফের নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে গুজব রটেছে। অবশ্য তা উড়িয়ে দেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। তিনি বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হবে। পিছানোর কোন কারণ নেই।” এদিকে ২৮ এপ্রিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। ২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফের সর্বোশেষ নির্বাচন হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৪০ঘ.