ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্ডেসলিগায় শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে বরুসিয়া ময়েনচেনগ্লাডবাখ। বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড ও শালকের সঙ্গে শিরোপার দৌড়ে উত্তাপ ছড়িয়ে দেয় তারা রোববার, স্টুটগার্টকে ৩-০ গোলে নাকাল করে।
মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় গ্লাডবাখের জয়ের নায়ক ছিলেন মার্কো রেয়াস। একটি গোল নিজে করেন। আর অবদান রাখেন বাকি দু’টিতে।
খেলার ৩১ মিনিটে রেয়াসের চমৎকার ফ্রি-কিক মাথা দিয়ে জালে পাঠিয়ে গ্লাডবাখকে এগিয়ে নেন মাইক হাঙ্ক। রেয়াস নিজে গোল করেন ৮১ মিনিটে। তিন মিনিট পর দলকে স্টুটগার্টের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ইগর কামার্গো। এই গোলের পেছনেও হাত রয়েছে রেয়াসের।
এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ, বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ড ও শালকের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থাকলো গ্লাডবাখ। ১৯ খেলায় বায়ার্ন, ডর্টমুন্ড ও শালকের পয়েন্ট ৪০ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে শীর্ষ দল বায়ার্ন।
২০০৫ সালের পর এই প্রথম স্টুর্টগার্টের বিপক্ষে জয় পেল গ্লাডবাখ। আর লিগে টানা চার খেলায় হেরে পয়েন্ট তালিকার দশম স্থানে নেমে গেল স্টুটগার্ট। দলটির পয়েন্ট ২২।
দিনের অপর খেলায় মেইন্জ এসসি দশজনের ফ্রেইবুর্গকে হারায় ৩-১ গোলে।
মেইন্জের গোল তিনটি হয় খেলার প্রথম ১৭ মিনিটের মধ্যে। প্রথম ও তৃতীয়টি আসে এরিক ম্যাক্সিম মটিংয়ের পা থেকে। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ইউজেন পোলানস্কি, খেলার ৬ মিনিটে।
ফ্রেইবুর্গের পক্ষে ৬৮ মিনিটে এক গোল শোধ করেন পাভেল ক্রমাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২০ ঘ.
bdnews24