২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত মিনিটে তিন গোল করে আর্সেনালের জয়

মাত্র সাত মিনিটে তিন গোল করে অ্যাস্টন ভিলার হাতের মুঠো থেকে জয় বের করে নিল আর্সেনাল। সেই সঙ্গে উঠে গেল এফএ কাপের পঞ্চম পর্বে। অথচ প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল ভিলা। খেলা শেষ হয় হার-জিতের পাল্লা আর্সেনালের দিকে ৩-২ গোলে হেলে থাকার মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র সাত মিনিটে তিন গোল করে অ্যাস্টন ভিলার হাতের মুঠো থেকে জয় বের করে নিল আর্সেনাল। সেই সঙ্গে উঠে গেল এফএ কাপের পঞ্চম পর্বে। অথচ প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল ভিলা। খেলা শেষ হয় হার-জিতের পাল্লা আর্সেনালের দিকে ৩-২ গোলে হেলে থাকার মধ্য দিয়ে। এমিরেটস স্টেডিয়ামে রোববার খেলার ৩২ মিনিটে রিচার্ড ডানের গোলে এগিয়ে যায় ভিলা। ব্যবধান বাড়ান ড্যারেন বেন্ট ৪৫ মিনিটে। কিন্তু বিরতির পর প্রথম ১৬ মিনিটেই পাল্টে যায় খেলার চিত্র। আর্সেনালের মাঝমাঠের খেলোয়াড় আরোন র‌্যামসিকে অতিথি দলের ডান মটিতে ফেলে দেন খেলার ৫৪ মিনিটে। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রবিন ভন পার্সির শট আশ্রয় নেয় জালে। দুই মিনিট পর খেলায় সমতা ফেরান থিও ওয়ালকট। আর্সেনালের এক খেলোয়াড়ের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক শাই গিভেন। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি বল, চলে যায় রক্ষণভাগের সতীর্থ খেলোয়াড় অ্যালান হাটনের কাছে। বিপদমুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। আর এই সুযোগটি হেলায় নষ্ট করেননি ওয়ালকট। খেলার ৬১ মিনিটে লরেন্ট কশিয়েলনিকে ফাউল করেন বেন্ট। আবারো পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং শটও নেন সেই পার্সি। এবারো ভুল করলেন না তিনি। সেই সঙ্গে নিজ দেশ নেদারল্যান্ডসের ডেনিস বার্গক্যাম্পকে ছুঁয়ে ফেললেন তিনি। আর্সেনালের হয়ে বার্গক্যাম্প গোল করেছেন ১২০টি। খেলা শেষে পার্সি বলেন, দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো আসলেই কঠিন হয়ে পড়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম ১৬ মিনিটে পাল্টে যায় খেলার চিত্র। “আর্সেনালের হয়ে ১২০ গোল করা নিঃসন্দেহে বড় ধরনের সম্মান। ডেনিস বার্গক্যাম্প অবশ্যই বড় কিংবদন্তী। তার প্রতি আমার ব্যাপক শ্রদ্ধা রয়েছে,” বলেন পার্সি। সান্ডারল্যান্ড ও মিডলসবরোর মধ্যে দিনের অপর খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৯ ঘ.