ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বদলী খেলোয়াড় আরিতজ আদুরিজের জোড়া গোলের পরও জিততে পারেনি পয়েন্ট তালিকার তৃতীয় দল ভালেন্সিয়া। রোববার লা লিগায় রেসিং সান্তান্দার তাদের থামিয়ে দিয়েছে ২-২ গোলে ড্র করে।
সার্দিনেরোয় খেলার দুই মিনিটেই রেসিংকে এগিয়ে নেন আদ্রিয়ান গঞ্জালেস। কিন্তু ৬৩ মিনিটে আদুরিজকে নামানো পর খেলায় ছন্দ খুঁজে পায় ভালেন্সিয়া।
চার মিনিট পর সতীর্থ এক খেলোয়াড়ের কর্নার জালে পাঠিয়ে দলকে খেলায় ফেরান আদুরিজ। দ্বিতীয় গোলটি করেন তিনি ৮০ মিনিটে। কিন্তু খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে গোল শোধ করে দেন বার্নার্দো এসপিনোসা।
খেলার শেষ দিকে উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় রেসিং’র পেদ্রো মিউনিতিসকে। ভালেন্সিয়ার রিকার্দো কস্তাকেও দেখতে হয় লাল কার্ড। এছাড়া মাথায় চোট পাওয়ায় মেহমেত তোপাল মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ভালেন্সিয়াকে খেলতে হয় নয়জনকে নিয়ে। কেননা এর আগেই তিন খেলোয়াড় বদলে ফেলেছিল দলটি।
ভালেন্সিয়ার পয়েন্ট ২০ খেলায় ৩৬, তলিকার দ্বিতীয় দল বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে নয় পয়েন্ট। বুধবার কিংস কাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দল দু’টি।
দিনের অন্যান্য খেলায় গ্রানাদা ২-১ গোলে রিয়াল বেটিসকে, রিয়াল সোসিয়েদাদ ৫-১ গোলে স্পোর্টিং গিজনকে, গেতাফে ২-১ গোলে লেভান্তেকে ও মালাগা ২-১ গোলে সেভিয়াকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৪ ঘ.
bdnews24