ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালিয়ারিকে রোববার ৩-০ গোলে হারিয়ে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষ দল জুভেন্টাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে এসি মিলান। তবে নগর প্রতিপক্ষ ইন্টার মিলানের জয়ের ধারায় বিরতি চিহ্ন বসিয়ে দিয়েছে লেস। দলটি জেতে ১-০ গোলে। এছাড়া অপ্রত্যাশিতভাবে জেনোয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে নাপোলি।
দিনের অন্যান্য খেলায় আটলান্টা ১-০ গোলে সেসনাকে, লাৎসিও ৩-০ গোলে শিয়েভোকে, পালের্মো ২-০ গোলে নোভারাকে ও ফিওরেন্টিনা ২-১ গোলে সিয়েনাকে হারায়। এছাড়া এএস রোমা ও বোলোনার খেলা শেষ হয়েছে ১-১ গোলে অমীমাংসিতভাবে।
সান সিরোতে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক নেন জ্লাতন ইব্রহিমোভিচ। বলটি বাঁক নিয়ে ঢুকে যায় প্রতিপক্ষের জালে। এই গোলটির কথা অনেক দিন মনে থাকবে দর্শকদের। সাত মিনিট পর ব্যবধান বাড়ান আন্তোনিও নসেরিনো।
খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মাসিমো আমব্রোসিনি। সেই সঙ্গে শীর্ষ দল জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধান মিলান একে কমিয়ে আনে। ২০ খেলায় মিলানের পয়েন্ট ৪৩।
এদিকে মিলানের একটি ক্লাবে উচ্ছ্বাস থাকলেও অন্য ক্লাবটিতে ছিল বিষন্নতা। কেননা ইন্টারের জয়ের ছন্দে পতন ঘটিয়েছে লেস। অতিথি হয়ে খেলতে গিয়ে সুবিধা করতে পারেননি ক্লদিও রানিয়েরির খেলোয়াড়রা। হেরেই বাড়ি ফিরতে হয় তাদের।
খেলার ৪০ মিনিটে জয়সূচক গোল করেন লেসের মাঝমাঠের উরুগুয়ের খেলোয়াড় গুইলার্মো গিয়াকোমাজ্জি।
খেলা শেষে রানিয়েরি বলেন, “আমাদের সামনের দিকে তাকাতে হবে।”
কমিউনাল লুইগি ফেরারিসে খেলার ৩১ মিনিটে জেনোয়াকে এগিয়ে নেন রদ্রিগো পালাসিও। চার মিনিট পর ব্যবধান বাড়ান আলবার্তো গিলারদিনো। পালাসিও আবারো গোল করে ব্যবধান নিয়ে যান ৩-০ তে।
খেলার শেষ দিকে ৮১ ও ৮২ মিনিটে দুই গোল করে হারের ব্যবধান কমায় নাপোলি। দলের পক্ষে প্রথম গোলটি করেন এডিনসন কাভানি ও দ্বিতীয়টি এজেকুয়েল লাভেজ্জি।
লাৎসিও ২০ খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সমান খেলায় ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে ইন্টার। নাপোলির পয়েন্ট ২৯ ও জেনোয়ার ২৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০১৮ ঘ.
bdnews24