ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার মাঠে বর্ণবাদী অঙ্গভঙ্গি করায় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের খেলা চলার সময় তিনি এই অঙ্গভঙ্গি করেন।
গ্যালারিতে বসে বানরের অঙ্গভঙ্গি করার সময় ওই লোকটির ছবি তোলা হয় এবং তা পোস্ট করা হয় বিভিন্ন ওয়েবসাইটে। খেলা শেষে এ ব্যাপারে পুলিশের কাছে বেশ কয়েকজন অভিযোগ করেন। খেলায় লিভারপুল জেতে ২-১ গোলে।
বর্ণবাদী শব্দ ব্যবহার করে ইউনাইটেড অধিনায়ক প্যাট্রিক এভরাকে গালি দেয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজকে আট ম্যাচ নিষিদ্ধ করার পর এই প্রথম মুখোমুখি হয় দল দু’টো।
গ্রেপ্তারের কথা স্বীকার করে পুলিশের এক মুখপাত্র বলেন, ৫৯ বছর বয়সী লোকটি নর্থ ওয়েলসের অধিবাসী।
“লোকটিকে থানায় নেয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে,” বলেন মুখপাত্র।
খেলা শুরুর আগে স্টেডিয়ামে ঘোষণা দেয়া হয় যে, বর্ণবাদী আচরণ মেনে নেয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৭ ঘ.
bdnews24