২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ড ও শালকের তাপ অনুভব করছে বায়ার্ন

উলফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলেও গতবারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ও শালকের তাপ বেশ ভালোভাবেই অনুভব করছে বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ড ৩-১ গোলে জিতেছে হফেনহেইমের বিপক্ষে। আর ৪-১ গোলে শালকে হারিয়েছে কোলোনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উলফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলেও গতবারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ও শালকের তাপ বেশ ভালোভাবেই অনুভব করছে বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ড ৩-১ গোলে জিতেছে হফেনহেইমের বিপক্ষে। আর ৪-১ গোলে শালকে হারিয়েছে কোলোনকে। তিন দলেরই পয়েন্ট ৪০। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় লিগের সর্বোচ্চ গোলদাতা মারিও গোমেজ তার ১৭তম গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ৬০ মিনিটে। টনি ক্রুসের ফ্রি-কিক মাথা দিয়ে প্রতিপক্ষের জালে পাঠাতে চেষ্টা করেন জার্মানির জাতীয় দলের এই খেলোয়াড়। কিন্তু এক খেলোয়াড়ের গায়ে লেগে বল আবারো চলে আসে তার কাছে। সেই বল জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি গোমেজের। যোগ করা সময়ে জয়ের ব্যবধান বাড়ান আরিয়েন রোবেন। বদলী খেলোয়াড় ইভিকা ওলিচ আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল ঠেলে দেন। আর রোবেন গোল-লাইনের ঠিক ওপর থেকে বল ঢুকিযে দেন গোলপোস্টের ভেতরে। নিষেধাজ্ঞা কাটিয়ে ‘উইঙ্গার’ ফ্রাঙ্ক রিবেরির মাঠে ফেরার পরও বায়ার্ন নিজেদের মেলে ধরতে পারেনি এই খেলায়। এমন কি, স্বাভাবিক খেলার ধারে-কাছেও ছিল না দলটি। খেলার শুরুতেই এগিয়ে যাওয়ার চমৎকার একটি সুযোগ পায় তারা। কিন্তু তা হেলায় নষ্ট করেন গোমেজ। টমাস মুলারও একটি সুযোগ নষ্ট করেন প্রথমার্ধের শেষ দিকে। তালিকার চতুর্থ দল ময়েনচেনগ্লাডবাখও রোববার তিনটি দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারে একে। ওই দিন অতিথি হয়ে খেলতে যাবে তারা স্টুটগার্টের মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৯ ঘ.