ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে বদলি খেলোয়াড় ডার্ক কাইটের জয়সূচক গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম পর্বে পৌঁছে গেছে লিভারপুল। কুইন্স পার্ক রেঞ্জার্সকে একমাত্র গোলে হারিয়ে তাদের সঙ্গী চেলসিও।
আগে থেকেই অ্যানফিল্ডের এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছিলো। গত ১৫ অক্টোবর ইপিএলের ম্যাচে এখানে মুখোমুখি হয়েছিলো লিভারপুল ও ম্যান ইউ। ওই ম্যাচে লিভারপুলের স্ট্রাইকার লুই সুয়ারেজের বিপক্ষে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তোলেন ম্যান ইউর প্যাট্রিস এভরা। ওই ঘটনার জেরে ৮ ম্যাচে নিষিদ্ধ হন সুয়ারেজ। যদিও লিভারপুল ভক্তরা এই অভিযোগ মেনে নেয়নি।
নিষেধাজ্ঞার কারণে শনিবারের ম্যাচে খেলতে পারেননি সুয়ারেজ। এদিকে খেলতে নেমেছেন এভরা।
স্বাভাবিকভাবেই অ্যানফিল্ডের দর্শকরা কিছুটা উত্তেজিত ছিলো। কিন্তু খেলার ২১ মিনিটে হেড থেকে গোল করে মাঠ ভর্তি দর্শকদের আনন্দে ভাসান লিভারপুলের ড্যানিয়েল অ্যাগার। স্টিভেন জেরার্ডের কর্ণার থেকে ওই গোল করেন তিনি।
তবে বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৯ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান ম্যান ইউর জি-সুং পার্ক।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি ম্যান ইউর তারকা খেলোয়াড় ওয়াইন রুনি। মাঠে তার অভাব ভালোই বোধ করেছে ম্যান ইউ। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হচ্ছিলো তারা।
শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যালেক্স ফার্গুসনের দলকে।
এদিকে কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে খেলার ৬২ মিনিটে চেলসির হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন হুয়ান মাতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৬ ঘ.
bdnews24