২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন আজারেঙ্কা

মারিয়া শারাপোভাকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই সঙ্গে মেয়েদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও নিশ্চিত করেছেন তিনি। প্রথমবারের মত কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনাল খেলতে এসেই বাজিমাত করলেন আজারেঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারিয়া শারাপোভাকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই সঙ্গে মেয়েদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও নিশ্চিত করেছেন তিনি। প্রথমবারের মত কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনাল খেলতে এসেই বাজিমাত করলেন আজারেঙ্কা। আর সাত মাসের মধ্যে দ্বিতীয়বার কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে হেরে গেলেন রাশিয়ার শারাপোভা। গতবছর তাকে হারিয়েই নিজের প্রথম গ্র্যান্ড স্লাম উইম্বলডন শিরোপা জিতেছিলেন পেত্রা কেভিতোভা। রড লেভার অ্যারেনায় শনিবারে ফাইনালে শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন ২২ বছর বয়সী আজারেঙ্কা। প্রথম সেটে ২-০ গেমে পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী ১৩টি গেমের মধ্যে ১২টিই জিতে নেন আজারেঙ্কা। তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ও ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন শারাপোভ রীতিমত অসহায় ছিলে আজারেঙ্কার সামনে। তৃতীয় মহিলা খেলোয়াড় হিসেবে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার জয়ের পাশাপাশি র‌্যাংকিং সেরা হলেন আজারেঙ্কা। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি কোয়ার্টার ফাইনালে হেরে গেলে তার শীর্ষস্থান হারানো নিশ্চিত হয়ে যায়। এদিন মেলবোর্ন পার্কে শিরোপার পাশাপাশি র‌্যাংকিং সেরা হওয়ার লড়াইয়েও মুখোমুখি হন তৃতীয় বাছাই আজারেঙ্কা ও চতুর্থ বাছাই শারাপোভা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত আজারেঙ্কা ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারাই আমাকে নিজের উপর বিশ্বাস রাখার শক্তি জুগিয়েছেন। শেষ পর্যন্ত আমি এই শিরোপা তুলে ধরতে পেরেছি।” হতাশ শারাপোভা বলেন, “যেকোনো খেলায় ভালো দিন যেমন আছে তেমনি খারাপ দিনও আছে। আবার এমন দিনও আছে যখন কোনো কিছুই ঠিকঠাক মত কাজ করে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২৮ ঘ.