২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার-ফাইনালে গ্যাবন, তিউনিসিয়া

শেষ মুহূর্তের নাটকীয়তাকে জয় করে গ্যাবন শুক্রবার জায়গা করে নিয়েছে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে। সেই সঙ্গে ৩-২ গোলে জিতে বিদায় করে দিয়েছে মরোক্কোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ মুহূর্তের নাটকীয়তাকে জয় করে গ্যাবন শুক্রবার জায়গা করে নিয়েছে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে। সেই সঙ্গে ৩-২ গোলে জিতে বিদায় করে দিয়েছে মরোক্কোকে। স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন গ্যাবন প্রেসিডেন্ট আলি বোঙ্গো। অবশ্য খেলার ২৫ মিনিটে পিছিয়ে পড়ে তার দল। গোলটি দেন মরোক্কোর হুসেইন খার্জা। প্রথমার্ধের খেলা শেষে গ্যাবন বিরতিতেও যায় এক গোলে পিছিয়ে থেকে। কিন্তু ৭৭ মিনিটে গোল শোধ করে দেন গ্যাবনের পিয়েরে ইমরিক অবামেয়াং। দুই মিনিট পরই এগিয়ে যায় ড্যানিয়েল কুসেনের গোলে। নব্বই মিনিট পর যোগ করা সময়ে জমে ওঠে নাটক। ৯১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মরোক্কোকে খেলায় ফেরান খার্জা। খেলার ৯৭ মিনিটে ফ্রি-কিক থেকে জয়সুচক গোল করেন ব্র“নো-জিতা মবানাঙ্গোয়ে। এতক্ষণ উত্তেজনায় দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট বোঙ্গো। রেফারির খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ধপ করে চেয়ারে বসে পড়েন তিনি। এরপর লাফিয়ে ওঠেন খুশিতে, জড়িয়ে ধরতে থাকেন আশেপাশে উপস্থিত কর্মকর্তাদের। এদিকে ভক্তরাও মাঠে নেমে মত্ত হয়ে ওঠে বিজয় উল্লাসে। দিনের অন্য খেলায় নাইজারের বিপক্ষে ২-১ গোলে জিতে সি গ্র“প থেকে তিউনিসিয়াও উঠে গেছে কোয়ার্টার-ফাইনালে। খেলার চার মিনিটে তিউনিসিয়াকে এগিয়ে নেন ইউসেফ এমসাকনি। কিন্তু পাঁচ মিনিট পরই নাইজারকে খেলায় ফেরান উইলিয়াম টনজি এনগুনু। শেষ পর্যন্ত জয়সুচক গোল করেন ইসাম জেমা ৯০ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩২ ঘ.