২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার প্রতিপক্ষ ভালেন্সিয়া

লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে কিংস কাপের সেমিফাইনালে জায়াগা করে নিয়েছে ভালেন্সিয়া। বড় এই জয়ের ফলে দুই খেলা মিলে ভালেন্সিয়া এগিয়ে যায় ৭-১ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে কিংস কাপের সেমিফাইনালে জায়াগা করে নিয়েছে ভালেন্সিয়া। বড় এই জয়ের ফলে দুই খেলা মিলে ভালেন্সিয়া এগিয়ে যায় ৭-১ ব্যবধানে। শেষ চারে ভালেন্সিয়া লড়বে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় দল বার্সেলোনার সঙ্গে। আক্ষরিক অর্থেই, আরিতজ আদুরিজ ও পাবলো পিয়াত্তির প্রথমার্ধের গোলই খেলার ফলাফল নির্ধারণ করে দেয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আরেকটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান পিয়াত্তি। বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল স্বাগতিক দল লেভান্তের। গোলের চমৎকার কয়েকটি সুযোগ পাওয়ার পরও অতিথিদের সামনে সুবিধা করতে পারেনি তারা। যদিও সফরকারীরা মাঠে নামে প্রথম একাদশের আটজনকে ছাড়াই। বেশিরভাগ সময় বল ঘোরাঘুরি করছিল ভালেন্সিয়ার খেলোয়াড়দের পায়ে পায়ে। তবে প্রথম দু’টি গোল আদায় করে নেয় তারা পাল্টা আক্রমণ চালিয়ে। আদুরিজ তার গোলটি করেন খেলার ২৫ মিনিটে। ঠিক পাঁচ মিনিট পর আঘাত হানেন পিয়াত্তি। লা লিগায় ১৯ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। সমান খেলায় চতুর্থ দল লেভান্তের পয়েন্ট ৩১। তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদকে (৪৯) বিদায় করে দিয়ে সেমিফাইনালে ওঠে বার্সেলোনা (৪৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৪ ঘ.