ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হারের প্রতিশোধ নিতে বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না বিজেএমসিকে। আগামী ১ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের প্রতিপক্ষ নবাগত বিজেএমসি।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় ১ ফেব্র“য়ারি থেকে লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বার ১২টি দল খেললেও এবারের পেশাদার লিগে দলের সংখ্যা ১১টি। চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর অবনমন হয়েছিল গত বার। এবারের একমাত্র নতুন দল বিজেএমসি।
২৭ বছর পর ঢাকার ফুটবলে ফেরা বিজেএমসি সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে। তবে বাফুফের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও কম হয়নি। নিয়ম অনুযায়ী পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলেই মূল স্তরে ওঠার কথা একটি দলের। কিন্তু বিজেএমসির ক্ষেত্রে বাফুফে সেই নিয়ম মানেনি।
এদিকে ছয়টি ক্লাব আবার বিদেশী খেলোয়াড় নিবন্ধনের জন্য আবেদন করেছে। দলগুলো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ এমএফএস।
তবে এই ছয়টি ক্লাবের আবেদন নাকচ করে দিয়েছে বাফুফে। বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, “বিদেশী খেলোয়াড় নিবন্ধনের জন্য আড়াই মাস সময় পেয়েছিলো ক্লাবগুলো। সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এখন আবার নতুন করে নিবন্ধনের কোনো সুযোগ নেই।”
১ সেপ্টেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশী খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা ছিলো। একটি ক্লাব সর্বোচ্চ সাত জন করে বিদেশী খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পায়।
বিদেশীদের নতুন করে নিবন্ধনের দাবিতে মোহামেডান সবচেয়ে সোচ্চার। ঐতিহ্যবাহী ক্লাবটি নতুন চার বিদেশীকে নিয়েও এসেছে। কিন্তু এ ব্যাপারে বাফুফের অনড় অবস্থানে তারা ভীষণ হতাশ।
পেশাদার লিগ কমিটির সভায় ৬ ফেব্র“য়ারি থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাতটি দল এই লিগে খেলবে। দলগুলো হলো ভিক্টোরিয়া এসসি, ওয়ারী ক্লাব, কক্সসিটি এসসি, অগ্রণী ব্যাংক, উত্তর বারিধারা, চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৭ঘ.
bdnews24