ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ মুহূর্তের জয়সূচক গোলে সেনেগালকে ২-১ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে ইকুয়েটোরিয়াল গিনি। সেই সঙ্গে জায়গা করে নিয়েছে আফ্রিকা নেসন্স কাপের কোয়ার্টার ফাইনালে।
দূরপাল্লার শটে জয়সূচক গোলটি করেন ডেভিড আলভারেজ, খেলার ৯৪ মিনিটে। সেই সঙ্গে বিদায় করে দেন সেনেগালকে। অথচ প্রতিযোগিতা শুরুর আগে শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছিল দলটিকে।
এর আগে ৬২ মিনিটে র্যান্ডির গোলে এগিয়ে যায় ইকুয়েটোরিয়াল গিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সেনাগালকে খেলায় ফেরান মুসা সও।
খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এস্তাদিও ডি বাতায় উপস্থিত দর্শকরা মাঠে নেমে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। পরে দাঙ্গা পুলিশ প্রায় জোর করে তাদের মাঠ থেকে বের করে দেয়।
এর আগে জাম্বিয়া ও লিবিয়ার খেলা ২-২ গোলে ড্র হয়। জাম্বিয়ার পক্ষে গোল করেন ইমানুয়েল মেয়ুকা ও ক্রিস্টোফার কাতোঙ্গো। আর লিবিয়ার হয়ে দু’টি গোলই দেন আহমাদ সাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৫ ঘ.
bdnews24