ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ক্রেগ বেলামির সমতাসুচক গোলের ওপর ভর করে কার্লিং কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। বুধবার সেমিফাইনালের ফিরতি খেলায় ২-২ গোলে ড্র করে তারা প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দলটির সঙ্গে।
প্রথম খেলায় লিভারপুল জিতেছিল ১-০ গোলে।
ওযেম্বলিতে আগামী মাসে ফাইনাল খেলবে লিভারপুল কার্ডিফের বিপক্ষে। ১৬ বছরের মধ্যে এই প্রথম ফাইনালে উঠলো দলটি।
এগিয়ে থাকায় অনেক ফুটবল বিশ্লেষক ধারণা করেছিলেন, ঘরের মাঠ অ্যানফিল্ডে রক্ষণাত্মক ফুটবল খেলবে লিভারপুল। কিন্তু মাঠে দেখা গেল উল্টো চিত্র। শুরু থেকেই অক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। বলও ঘুরছিল তাদেরই পায়ে পায়ে। কিন্তু খেলার ধারার বিপরীতে দু’বার এগিয়ে যায় সিটি।
খেলার ৩১ মিনিটে নাইজেল ডি লং’র দূরপাল্লার শট জালে আশ্রয় নিলে সিটি এগিয়ে যায় প্রথমবারের মতো। কিন্তু নয় মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে খেলায় ফেরান স্টিভেন জেরার্ড।
এরপর বেশ কয়েকবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয় সিটি গোলরক্ষক জো হার্টকে। অবশ্য খেলার ধারার বিপরীতে আবারো এগিয়ে যায় সিটি। এবার গোল করেন এডিন ডিজেকো ৬৭ মিনিটে। কিন্তু পাঁচ মিনিট পরই বেলামির নিচু করে মারা শট জড়িয়ে যায় জালে।
ফাইনালে ওঠার জন্য এই ড্র-ই প্রয়োজন ছিল লিভারপুলের। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪১ ঘ.
bdnews24