২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার থেকে শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ আফছারুল আমীন সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চুড়ান্ত পর্বের খেলা উদ্বোধন করবেন। ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী দিনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় ময়মনসিংহ বিভাগের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামবে। দিনের দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কুমিল্লা বিভাগের রাজমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে বরিশাল বিভাগের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে চট্টগ্রাম বিভাগের কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার রাজমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুরের হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহী বিভাগের রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের রাজমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহীর খর্দ্দকৌড় রেজি. প্রাথমিক বিদ্যালয়, খুলনার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেটের নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়, বরিশালের শোলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রংপুর বিভাগের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চূড়ান্তে পর্বে অংশ নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০১০ সাল থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএআর/২০১৯ঘ.