২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবসনের সঙ্গে সালাউদ্দিনের সাক্ষাৎ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করবে। বুধবার ম্যান ইউর সাবেক তারকা ফুটবলার ও বর্তমান দূত ব্রায়ান রবসনের সঙ্গে দেখা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করবে। বুধবার ম্যান ইউর সাবেক তারকা ফুটবলার ও বর্তমান দূত ব্রায়ান রবসনের সঙ্গে দেখা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ কথা বলেন। মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন রবসন ও ম্যান ইউর আরেক সাবেক তারকা ডুইট ইয়র্ক। রবসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সালাউদ্দিন বলেন, “বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন রবসন। আমি তাকে সব কথাই বলেছি। এদেশের ফুটবলের উন্নয়নে তাদের কিছু পরিকল্পনা আছে। তবে তারা এখনই এ নিয়ে কথা বলতে চান না।” “বুঝতে পারছি তারা সাহায্য করার লক্ষ্য নিয়েই এখানে এসেছেন। তাদের পরিকল্পনায় হয়তো সারা বাংলাদেশই থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের কয়েক জন খুদে ফুটবলারকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনাও হয়তো তাদের আছে,” যোগ করেন তিনি। রবসনের সঙ্গে বাফুফে সভাপতির কথাবার্তা অবশ্য একেবারেই প্রাথমিক পর্যায়ের ছিলো। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, “তারা বাফুফের অতিথি হয়ে ঢাকায় আসেননি। আমি শুধু বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাকে কিছু ধারণা দিয়েছি।” “সিলেট বিকেএসপিতে আমাদের একটা ফুটবল অ্যাকাডেমি গড়ার কাজ চলছে। এই অ্যাকাডেমি গড়তে আমাদের কিছু সাহায্য দরকার। এ ব্যাপারে ম্যান ইউর কাছ থেকে সহায়তা পাওয়ার আশ্বাস দিয়েছেন রবসন,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১০ঘ.