২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে চার তারকা

সহজেই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচেরও শেষ চারে উঠতে সমস্যা হয়নি। সেখানে তার সঙ্গী চতুর্থ বাছাই অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহজেই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচেরও শেষ চারে উঠতে সমস্যা হয়নি। সেখানে তার সঙ্গী চতুর্থ বাছাই অ্যান্ডি মারে। বুধবার কেভিতোভা ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন ইতালির অবাছাই সারা ইরানিকে। অন্যদিকে আরেক অবাছাই স্বদেশের একাতেরিনা মাকারোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন শারাপোভা। কোয়ার্টার ফাইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রতিযোগিতার সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিলেন মাকারোভা। জোকোভিচও জিতেছেন সরাসরি সেটে। পঞ্চম বাছাই ডেভিড ফেরারকে ৬-৪,৭-৬, ৬-১ গেমে হারিয়েছেন গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জয়ী সার্ব তারকা। আর মারে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে জিতেছেন জাপানের ২৪তম বাছাই কেই নিশিকোরির বিপক্ষে। মঙ্গলবার শেষ চার নিশ্চিত করেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, কিম ক্লাইস্টার্স ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। বৃহস্পতিবার সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স মুখোমুখি হবেন তৃতীয় বাছাই আজারেঙ্কার। অন্য সেমিফাইনালে শারাপোভার প্রতিপক্ষ কেভিতোভা। গত বছর শারাপোভাকে হারিয়েই উইম্বলডন জিতেছিলেন কেভিতোভা। তবে বৃহস্পতিবারের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিঃসন্দেহে পুরুষ এককের প্রথম সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হবেন আধুনিক টেনিসের দুই মহাতারকা ফেদেরার ও নাদাল। ২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেনের পর প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে দুজনের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন টেনিস ভক্তরা। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ মারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫২ঘ.