ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মৌসুমে জয়ের ছন্দ ধরে রেখেই এগিয়ে চলেছে জুভেন্টাস। দশ জনের এএস রোমাকে ৩-০ গোলে হারিয়ে উঠে গেছে ইতালিয়ান কাপের সেমিফাইনালে। এর মধ্যে একটি গোল আসে অভিজ্ঞ আলেসান্দ্রো দেল পিয়েরের পাঁ থেকে।
এ মৌসুমে জুভেন্টাসের হয়ে নিজের প্রথম গোলটি করেন পিয়েরে ৩০ মিনিটে, চমৎকার একটি বাঁকানো শটে। খেলা শেষের বাঁশি বাজার ১৩ মিনিট আগে তাকে তুলে নেন কোচ আন্তোনিও কোন্তে। ৩৭ বছর বয়সী পিয়েরে যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন দাঁড়িয়ে তাকে সম্মান দেখান স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। তাদের সঙ্গে যোগ দেন কোচ নিজেও।
এর আগে খেলার ছয় মিনিটেই দলকে এগিয়ে নেন ইমানুয়েল গিয়াচ্চেরেনি।
রোমার খেলায় ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায় ৬৯ মিনিটে, যখন গিয়র্গিও চিয়েল্লিনিকে লাথি মারার অপরাধে এরিক লামেলাকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
রোমার হতাশা আরো বাড়িয়ে দেন রক্ষণভাগের খেলোয়াড় সিমোন কায়ের। খেলার শেষ মিনিটে নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন তিনি।
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত জুভেন্টাস খেলবে এসি মিলান অথবা লাৎসিওর সঙ্গে।
খেলা শেষে কোন্তে বলেন, “শেষ পর্যন্ত পিয়েরে গোল পেলেন, তাও আবার চেয়ে দেখার মতো। তিনি কখনোই সমস্যা হয়ে ওঠেননি, বরং আমাদের হয়ে জবাব দিয়ে আসছেন প্রতিনিয়ত।”
গিয়াচ্চেরিনিরও প্রশংসা করেন কোচ, “কয়েক বছর আগেও সেরি সি’তে খেলতেন তিনি। আর এখন স্বপ্নের মতো দিন কাটছে তার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৫ ঘ.
bdnews24