ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান প্রীতি ম্যাচ খেলতে ফ্রান্স য়াচ্ছে অক্টোবরে।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) শুক্রবার জানায়, খেলা হবে ১২ তারিখে। তবে কোন মাঠে খেলা হবে তা এখনো ঠিক করা হয়নি।
পরে এ ব্যাপারে বিস্তরিত তথ্য জানানো হবে বলে জেএফএ জানায়।
২০০৩ সালের কনফেডারেশন্স কাপের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দল দু’টো। ওই খেলায় ফ্রান্স ২-১ গোলে জেতে জাপানের বিপক্ষে।
এ পর্যন্ত মোট পাঁচবার খেলেছে জাপান ও ফ্রান্স। তবে জয়ের মুখ একবারও দেখেনি এশিয়ার দেশটি। আর ইউরোপের দেশটি জিতেছে চারবার। বাকি একটি খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। তবে টাইব্রেকারে সেই ম্যাচও জিতে নেয় ফ্রান্স।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জাপান কোচ আলবার্তো জাচ্চেরোনি নিজের দলের শক্তি ও দুর্বলতা যাচাই করে দেখার জন্য ইউরোপের আরো শক্তিশালী দেশের সঙ্গে খেলতে চেয়েছিলেন। তাই ১৬ অক্টোবর ইউরোপের আরো শক্তিশালী একটি দলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে জেএফএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৫ ঘ.
bdnews24