ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো কার্লিং কাপের ফাইনালে উঠেছে কার্ডিফ। মঙ্গলবার টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে হারায় তারা ৩-১ গোলে।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে স্বাগতিকরা ফিরতি খেলার শুরু থেকে চেপে ধরে প্যালেসকে। কিন্তু গোলের খেলা ফুটবলে নিজেরা গোল করতে পারেনি, জয় পায় আত্মঘাতী গোলে। খেলার সাত মিনিটে নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন অ্যান্টনি গার্ডনার।
অথচ ঘরের মাঠে প্যালেসের জয়ের নায়ক ছিলেন এই গার্ডনারই। জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে।
ফলে প্রথম ও ফিরতি খেলা মিলে মোট গোল সংখ্যা সমান হয়ে পড়ে। তাই আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।
খেলার ৭৮ মিনিট থেকে অবশ্য প্যালেসকে খেলতে হয় একজন খেলোয়াড় কম নিয়ে। কেননা দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয় অধিনায়ক প্যাডি ম্যাককার্থিকে।
এরপর অতিরিক্ত সময়ে ভাগ্যের জোরে বেঁচে যায় প্যালেস। দু’বার ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে বল।
দ্বিতীয় বিভাগের দল কার্ডিফ ২৬ ফেব্র“য়ারি ওয়েম্বলিতে ফাইনাল খেলবে লিভারপুল অথবা ম্যানচেস্টার সিটির সঙ্গে। লিভারপুল ১-০ গোলে এগিয়ে থেকে ফিরতি খেলায় মাঠে নামবে বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৩
bdnews24