২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপানিওলকে চমকে দিয়ে শেষ চারে মিরান্দেস

জয়ের সুবাস ছড়িয়েই চলেছে তৃতীয় বিভাগের দল মিরান্দেস। মঙ্গলবার এসপানিওলকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে কিংস কাপের শেষ চারে। সিজার ফার্নান্দেজের যোগ করা সময়ের জয়সূচক গোলে এসপানিওলকে হারায় তারা ২-১ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের সুবাস ছড়িয়েই চলেছে তৃতীয় বিভাগের দল মিরান্দেস। মঙ্গলবার এসপানিওলকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে কিংস কাপের শেষ চারে। সিজার ফার্নান্দেজের যোগ করা সময়ের জয়সূচক গোলে এসপানিওলকে হারায় তারা ২-১ ব্যবধানে। প্রথম ও ফিরতি, দুই খেলা মিলে উভয় দলের গোল সমান হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেমি-ফাইনালে ওঠে মিরান্দেস। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঘরের মাঠ আন্দুভা মিউনিসিপাল স্টেডিয়ামে ঢুকে পড়েন দলের সমর্থকরা। মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। এর কিছুক্ষণ আগে খেলার ৯২ মিনিটে পাবলো ইনফান্তের ফ্রি-কিকে ‘হেড’ করেন ফার্নান্দেজ। বল তার ঠিকানা খুঁজে নেয় জালে। এর আগে অতিথি দলের রুই ফন্তে দলকে এগিয়ে নেন ৪৭ মিনিটে। কিন্তু দশ মিনিট পরই ব্যাঙ্ক কর্মকর্তা ইনফান্তে প্রতিযোগিতায় নিজের ষষ্ঠ গোল করে খেলায় ফেরান মিরান্দেসকে। অনেক দূর থেকে শট নিয়েছিলেন তিনি। কিন্তু রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল গোলরক্ষক ফ্রান্সেসকো ক্যাসিয়ার বেশ খানিকটা দূর দিয়ে আশ্রয় নেয় জালে। ফিরতি ম্যাচে খেলতে নামে মিরান্দেস ৩-২ গোলে পিছিয়ে থেকে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলটি। ফন্তের গোলের আগেই এগিয়ে যেতে পারতো ঘরের ছেলেরা। এমনটা না ঘটলেও আক্রমণ কখনোই থেমে ছিল না ‘সেমি-প্রফেসনাল’ দলটির। ফলে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয় ক্যাসিয়াকে। মাঠে নেমেই ভক্তরা ঘিরে ধরেন ইনফান্তেকে। তখন তাকে বলতে শোনা যায়, “এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। আমরা সবাই লড়াই করেছি, এক সঙ্গে খেলেছি।” এর আগে মিরান্দেস প্রতিযোগিতা থেকে বিদায় করে দেয় লা লিগা’র দল ভিয়ারিয়াল ও রেসিং সান্তান্দারকে। ২০০২ সালের পর এই প্রথম কিংস কাপের শেষ চারে জায়গা করে নিল তৃতীয় বিভাগের কোনো দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৩ ঘ.