২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন শেখ জামাল

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে বিজেএমসিকে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে বিজেএমসিকে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে। শেখ জামালের সাফল্যের সুবাদে নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিলো মৌসুমের প্রথম টুর্নামেন্টটি। এত দিন মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রই শুধু ফেডারেশন কাপের শিরোপা জিততে পেরেছিলো। বিজেএমসিও তাই ইতিহাস গড়তে পারেনি। রানার্স আপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। অবশ্য দীর্ঘ ২৭ বছর পর ঢাকার ফুটবলে ফিরে প্রথম টুর্নামেন্টেই পাওয়া এই সাফল্যও তাদের জন্য কম নয়। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন ডিফেন্ডার মিন্টু শেখ। নাইজেরীয় মিডফিল্ডার ফমি অরুনিমির ফ্রি কিক বিজেএমসির এক ডিফেন্ডার ফিরিয়ে দিয়েছিলেন। তবে ছোট বক্সের সামনে বল পেয়ে মিন্টু শেখ দুর্দান্ত শটে বিজেএমসির গোলরক্ষক হিমেলকে পরাস্ত করেন (১-০)। পিছিয়ে পড়ার পর বিজেএমসির রক্ষণভাগ নড়বড়ে হয়ে পড়ে। সেই সুযোগে ৫ মিনিট পর আরেকটি গোল করে শেখ জামাল। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত ক্যামেরুনের মিডফিল্ডার স্টিভ টমাস ইউকোর পাস ধরে, নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন দুই ডিফেন্ডারকে দৌড়ে পেছনে ফেলে গোল করলে উল্ল¬াসে ফেটে পড়েন শেখ জামালের সমর্থকরা (২-০)। ৭৩ মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় বিজেএমসি। ক্যামেরুনের ডিফেন্ডার বেইবেকের লম্বা ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে ব্যবধান কমান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জুলেস ইকাঙ্গা। ১০ মিনিট পর একটুর জন্য সমতা ফেরাতে পারেনি বিজেএমসি। আবুলের ফ্রি কিক থেকে ইসমাইল বাঙ্গুরার হেড ক্রসবারে লেগে ফিরে এলে রক্ষা পায় শেখ জামাল। শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে আরেকটি গোল খেয়ে বসে বিজেএমসি। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় সোহেল রানার অসাধারণ একটি ক্রস থেকে আরেক বদলি তৌহিদুল আলম সবুজের হেডে নিশ্চিত হয়ে যায় শেখ জামালের ফেডারেশন কাপ জয়। শেখ জামাল কোচ সাইফুল বারি টিটু মনে করেন ভালো খেলেই তার দল জিতেছে। তিনি বলেন, “ফাইনালে বিজেএমসির চেয়ে আমরা একটু বেশিই অস্বস্তিতে ছিলাম। আমাদের দুজন নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন না। তাই একটু কৌশলের আশ্রয় নিতে হয়েছে।” “বিজেএমসির দুই বিপজ্জনক স্ট্রাইকার নাইজেরিয়ার আজাগুন আব্দুল রশিদ ও গিনির ইসমাইল বাঙ্গুরাকে কৌশলে আটকে রেখেছি আমরা। এতে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে,” যোগ করেন শেখ জামালের কোচ। জিততে না পারলেও বিজেএমসির কোচ জাকারিয়া বাবু তার দলের খেলায় সন্তুষ্ট। তিনি বলেন, “এই টুর্নামেন্টে আমরা শুধু ফাইনালেই হেরেছি। বাকি সব ম্যাচে অপরাজিত ছিলাম। প্রমাণ করেছি, ভবিষ্যতে কাউকেই আমরা ছেড়ে কথা বলবো না।” “অবশ্য ফাইনালে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেগুলো কাজে লাগাতে পারিনি,” যোগ করেন বিজেএমসির কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৪ঘ.