২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে মুখোমুখি নাদাল-ফেদেরার, ওজনিয়াকির বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ফলে ২০০৫ সালের পর এই প্রথম কোনো ‘গ্র্যান্ড স্লাম’ প্রতিযোগিতায় ফাইনালের আগেই আকর্ষণীয় নাদাল-ফেদেরার দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন টেনিস ভক্তরা। এদিকে কিম ক্লাইস্টার্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন মেয়েদের র‌্যাংকিং সেরা ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ফলে ২০০৫ সালের পর এই প্রথম কোনো ‘গ্র্যান্ড স্লাম’ প্রতিযোগিতায় ফাইনালের আগেই আকর্ষণীয় নাদাল-ফেদেরার দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন টেনিস ভক্তরা। এদিকে কিম ক্লাইস্টার্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন মেয়েদের র‌্যাংকিং সেরা ক্যারোলিন ওজনিয়াকি। মঙ্গলবার পুরুষ এককের প্রথম কোয়ার্টার ফাইনালে সহজ জয় পান ফেদেরার। একাদশ বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোর্তেকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারান তিনি। তবে ঘাম ঝরিয়ে জিততে হয়েছে নাদালকে। প্রতিপক্ষ সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচের কাছে প্রথম সেট ৬-৭ এ হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটেও পিছিয়ে পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৭-৬ এ ওই সেট জিতে নেন। এর পরই ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকেন নাদাল আর বিবর্ণ হতে থাকেন বার্দাইচ। শেষ পর্যন্ত নাদাল ৬-৭, ৭-৬, ৬-৪, ৬-৩ গেমে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যান। এদিকে মেয়েদের এককে এবারও ‘গ্র্যান্ড স্লাম’ শিরোপা অধরাই থেকে গেলো ওজনিয়াকির কাছে। সেই সঙ্গে এই হার র‌্যাংকিংয়ে তার শীর্ষস্থানটি হারানোও নিশ্চিত করে দিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্সের কাছে ৩-৬, ৬-৭(৪) গেমে হেরে যান তিনি। চারটি ‘গ্র্যান্ড স্লাম’ শিরোপার মালিক ক্লাইস্টার্স সেমিফাইনালে মুখোমুখি হবেন তৃতীয় বাছাই ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে অ্যাজারেঙ্কা ৬-৭(০), ৬-০, ৬-২ গেমে হারান অষ্টম বাছাই আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। এই নিয়ে দ্বিতীয়বারের মত কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন অ্যাজারেঙ্কা। ওজনিয়াকি যদি সেমিফাইনালে উঠতে পারতেন তবে তার শীর্ষস্থানটি বেঁচে যেত। কিন্তু এখন তাকে টপকে শীর্ষে উঠে যেতে পারেন তার নীচে থাকা তিন খেলোয়াড়ের যে কোনো একজন। গত দুই বছর শীর্ষস্থান ধরে রাখা ডেনমার্কের ওজনিয়াকি এখন পর্যন্ত কোনো ‘গ্র্যান্ড স্লাম’ শিরোপা জিততে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০০ ঘ.