২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবসন-ইয়র্ক এখন ঢাকায়

সাবেক দুই ফুটবল তারকা সঙ্গে এনেছেন গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জেতা ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ব্রায়ান রবসন এবং ডুইট ইয়র্ক এখন ঢাকায়। মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন তারা। ২০১০-১১ মৌসুমে ম্যান ইউর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ট্রফি সঙ্গে নিয়ে এসেছেন দুজনে। এয়ারটেলের গণমাধ্যম যোগাযোগ বিষয়ক কর্মকর্তা ওয়াকার মাহমুদ জানিয়েছেন, “ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেই দুই সাবেক তারকা ফুটবলারকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকায় তাদের কার্যক্রম মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হবে।” ম্যান ইউর দীর্ঘতম অধিনায়কের গৌরব রবসনের অধিকারে। ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। গত অগাস্টে এক জরিপে ম্যানইউর সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রবসন। ৫৫ বছর বয়সী রবসন দারুণ এক রেকর্ডেরও মালিক ছিলেন। ১৯৮২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচেই মাত্র ২৭ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর সেটাই ছিল বিশ্বকাপের দ্রুততম গোল। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১০ সেকেন্ডে গোল করে রেকর্ডটি ভেঙ্গে দেন তুরস্কের হাকান সুকুর। মিডফিল্ডার হয়েও ইংল্যান্ডের জার্সি গায়ে ৯০ ম্যাচে রবসনের গোল ২৬টি। ইয়র্কের কৃতিত্বও কম নয়। ১৯৯৮-৯৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ইয়র্কের অধিনায়কত্বেই ২০০৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেছিলো ত্রিনিদাদ ও টোবাগো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০১ঘ.