ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বিজেএমসির পাশাপাশি দুই নতুন কোচের লড়াইও দেখবেন ফুটবলপ্রেমীরা। শেখ জামালের কোচ সাইফুল বারি টিটু ও বিজেএমসির কোচ জাকারিয়া বাবু এই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী।
দুজনই এবার প্রথম বারের মতো দুটো বড় ক্লাবের দায়িত্ব পেয়েছেন। আর প্রথম টুর্নামেন্টেই দলকে ফাইনালে নিয়ে গেছেন দুজনে। তাই তাদের প্রতিদ্বন্দ্বিতাও ভিন্ন রূপ নিয়েছে।
সাইফুল বারি টিটু দীর্ঘ দিন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। মোহামেডান ও জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচও ছিলেন কিছু দিন।
তাই টিটুর অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ। তিনি বলেন, “প্রতিপক্ষ কোচ সম্পর্কে আমি কিছুই ভাবছি না। আমার ভাবনা জুড়ে শুধুই বিজেএমসির খেলোয়াড়রা। তবে প্রথম টুর্নামেন্টে সফল হতে পারলে ভালোই লাগবে।”
জাকারিয়া বাবুর অভিজ্ঞতাও কম নয়। গত মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সহকারী কোচ ছিলেন তিনি। এর আগে প্রথম বিভাগের দল ওয়ারীর কোচের দায়িত্বে ছিলেন ১১ বছর। ২৭ বছর পর ঢাকার ফুটবলে ফেরা বিজেএমসির সামনে যেমন ইতিহাস গড়ার হাতছানি, তেমনি কোচ হিসেবেও ইতিহাসের অংশ হয়ে যাওয়ার সুযোগ তার সামনে।
জাকারিয়া বাবু অবশ্য ইতিহাস নিয়ে ভাবছেন না। তিনি বলেন, “সাফল্য পেলে তো ভালোই লাগবে। প্রতিপক্ষ দলের কোচকে নিয়ে আমার তেমন ভাবনা নেই, তবে তার কৌশল আমাকে ভাবাচ্ছে। তিনি অবশ্যই ভালো কোচ। তার দলও শক্তিশালী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৮ঘ.
bdnews24