ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৪টা থেকে।
বিজেএমসির সামনে ইতিহাস গড়ার হাতছানি। ঢাকার ফুটবলের এক সময়ের পরাশক্তিরা হারিয়েই গিয়েছিলো ফুটবলাঙ্গন থেকে। ফেডারেশন কাপ দিয়েই ২৭ বছর পর বিজেএমসির প্রত্যাবর্তন। আর ফিরেই সবাইকে চমকে দিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা। ফাইনালে জিতলে তো কথাই নেই, না জিতলেও বিজেএমসির কৃতিত্ব খাটো হবে না মোটেই।
অন্যদিকে শেখ জামালের সামনে গতবারের হতাশা ঘোচানোর লক্ষ্য। গত ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও আবাহনীর কাছে হেরে গিয়েছিলো তারা। বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নরা এবার তাই শিরোপা জিততে মরীয়া।
শেখ জামালের কোচ সাইফুল বারি টিটু প্রতিপক্ষ সম্পর্কে ভীষণ সমীহ। তিনি বলেন, “মুক্তিযোদ্ধার মতো দলকে দুবার হারিয়ে তারা ফাইনালে এসেছে। তাই তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাছাড়া তাদের দলটিও খুবই শক্তিশালী। তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিনই হবে।”
“তবে তাই বলে আমরা নিজেদের খাটো করছি না। ফাইনালে উঠেছি, এখন আর খালি হাতে ফিরতে চাই না। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী,” যোগ করেন তিনি।
ডিফেন্ডার রায়হান ও নাইজেরীয় স্ট্রাইকার আসোগবা অ্যালেনকে না পাওয়ায় টিটু অবশ্য বেশ দুশ্চিন্তায়। আগের পাঁচ ম্যাচে চার গোল করা অ্যালেন নিষেধাজ্ঞার কারণে ফাইনালে খেলতে পারছেন না। আর রায়হান চোটের কারণে মাঠের বাইরে।
তবে সর্বশেষ দুই ম্যাচে দুই বড় দলকে হারিয়ে শেখ জামালের কোচ দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “কোয়ার্টার ফাইনালে আবাহনী আর সেমিফাইনালে শেখ রাসেলকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছি। আমার বিশ্বাস বিজেএমসির সঙ্গেও আমরা জিততে পারবো।”
“অবশ্য খেলোয়াড়রা মাঠে নেমে ভালো খেলতে না পারলে কোচের আশাবাদী হয়ে কোনো লাভ নেই,” যোগ করেন টিটু।
তুলনায় বিজেএমসির কোচ জাকারিয়া বাবু অনেক নির্ভার। তিনি বলেন, “গত পাঁচ ম্যাচ আমরা যেভাবে খেলেছি ফাইনালেও সেভাবেই খেলতে চাই। আশা করি আমরা সফল হবো।”
“দলের প্রত্যেক খেলোয়াড় আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস ফাইনালে তারা নিজেদের উজাড় করে দেবে। সব কিছু ঠিকঠাক হলে জয় আমাদের ঘরে আসবেই,” যোগ করেন বিজেএমসির কোচ।
এবারের ফেডারেশন কাপে নিজেদের পাঁচ ম্যাচের একটিতেও বিজেএমসি হারেনি। চারটিতে জিতেছে আর অন্যটি ড্র করেছে। এই সাফল্যের রহস্যের ব্যাখ্যাও দিয়েছেন জাকারিয়া বাবু। তিনি বলেন, “আমাদের মূল শক্তি হচ্ছে টিম স্পিরিট। তাছাড়া আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই অভিজ্ঞ। তারা গোলের সুযোগ ভালোভাবে কাজে লাগাতে সক্ষম।”
“তাছাড়া আমাদের কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞা বা চোটজনিত সমস্যা নেই। এটা আমাদের জন্য বাড়তি প্রণোদনা,” যোগ করেন বিজেএমসির কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩৭ঘ.
bdnews24