২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের শিকার সেরেনা ও সোঙ্গা

পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে বিদায় করে দিয়ে এবছরে অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন রাশিয়ার অবাছাই খেলোয়াড় একাতেরিনা মাকারোভা। সোমবার চতুর্থ রাউন্ডের খেলায় মাকারোভা ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দেন সেরেনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে বিদায় করে দিয়ে এবছরে অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন রাশিয়ার অবাছাই খেলোয়াড় একাতেরিনা মাকারোভা। সোমবার চতুর্থ রাউন্ডের খেলায় মাকারোভা ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দেন সেরেনাকে। র‌্যাংকিংয়ের ৫৬ নম্বর খেলোয়াড় মাকারোভার এটা ক্যারিয়ার সেরা জয়। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবে ২০০৮ এর চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার। যদিও এদিন সাবিনা লিসিচকির বিপক্ষে চতুর্থ রাউন্ডের খেলায় প্রথম সেট হেরে গিয়েছিলেন শারাপোভা। তবে শেষ পর্যন্ত তিনি ৩-৬, ৬-২, ৬-৩ গেমে ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেন। এছাড়া উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ৬-২, ৭-৬ (৭-২) গেমে আনা ইভানোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। একমাত্র অবাছাই খেলোয়াড় ইতালির সারা ইরানীও শেষ আটে তাদের সঙ্গী হয়েছেন। এদিকে পুরুষ এককে দিনের সর্বশেষ ম্যাচে লেটন হিউইটের বিপক্ষে চার সেটের দীর্ঘ লড়াই জিতে শেষ আট নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। জোকোভিচ ৬-১, ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান অস্ট্রেলিয়ার হিউইটকে। অ্যান্ডি মারে ও ডেভিড ফেরার তুলনামূলক সহজ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দিনের দীর্ঘতম লড়াইয়ে জো-উইলফ্রিড সোঙ্গাকে হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিয়েছেন জাপানের কেই নিশিকোরি। যদিও ৬-২ এ প্রথম সেট জিতে শুরুটা ভালো করেছিলেন সোঙ্গা। কিন্তু পরের দুই সেট ২-৬ ও ১-৬ এ হেরে যান তিনি। চতুর্থ সেট সোঙ্গা ৬-৩ এ জিতে নিলে ফলাফল নির্ধারণ করতে খেলা গড়ায় পঞ্চম সেটে। ওই সেট ৬-৩ এ জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যান নিশিকোরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৭ ঘ.