ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকান নেশনস কাপে প্রথম দিন অঘটন ঘটলেও দ্বিতীয় দিন আর ঘটেনি। জয় দিয়েই যাত্রা শুরু করছে ‘ফেবারিট’ আইভরি কোস্ট। রোববার দিদিয়ের দ্রগবার গোলে ১-০ ব্যবধানে জেতে সুদানের বিপক্ষে।
প্রথমার্ধের ৩৯ মিনিটে চেলসির সালোমন কালু আড়াআড়িভাবে বল ভাসিয়ে দেন প্রতিপক্ষের বক্সে। উড়ান্ত বল মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন তার চেলসি সতীর্থ দ্রগবা।
মাত্র এক গোলে জিতলেও খেলায় আইভরি কোস্টের প্রাধান্য ছিল সুস্পষ্ট। আর্সেনালের আক্রমণভাগের খেলোয়াড় গার্ভিনহো গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তাই খেলার শেষ পর্যন্ত বলতে গেলে কিছুটা অস্বস্তিতে থাকতে হয় দ্রগবার দলকে।
ফিফার র্যাঙ্কিংয়ে আইভরিকোস্টের চেয়ে এক শ’ ধাপেরও বেশি নিচে থাকলেও প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে গোল প্রায় শোধ করেই ফেলেছিল সুদান। মুদাথির এল-তাইয়েবের শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে।
দিনের অপর খেলায় অ্যাঙ্গোলা ২-১ গোল হারায় বারকিনা ফাসোকে।
খেলার ৪৭ মিনিটে অ্যাঙ্গোলাকে এগিয়ে নেন ম্যাতিয়াস। বারকিনা ফাসোকে খেলায় ফেরান আলাইন ত্রাওরে। শেষ পর্যন্ত অ্যাঙ্গোলাকে জয় উপহার দেন মানুচো, খেলার ৬৮ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২০ ঘ.
bdnews24