২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরি আ’য় চার দলের লড়াই

জমে উঠেছে সেরি আ’র শিরোপার লড়াই। রোববার নিজ নিজ খেলায় জিতে এসি মিলান, উদিনেস ও ইন্টার মিলান এ লড়াইয়ে যোগ দিয়েছে তালিকার শীর্ষ দল জুভেন্টাসের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমে উঠেছে সেরি আ’র শিরোপার লড়াই। রোববার নিজ নিজ খেলায় জিতে এসি মিলান, উদিনেস ও ইন্টার মিলান এ লড়াইয়ে যোগ দিয়েছে তালিকার শীর্ষ দল জুভেন্টাসের সঙ্গে। জ্লাতন ইব্রাহিমোভিচের জোড়া গোলের সুবাদে মিলান ৩-০ গোলে হারায় পয়েন্ট তালিকার একেবারে নিচের দল নোভারাকে। অপর গোলটা আসে রবিনহোর পা থেকে। উদিনেস ২-১ গোলে হারায় কাতানিয়াকে। বিজয়ী দলের পক্ষে গোল দু’টো দেন পাবলো আরমেরো ও আন্তোনিও ডি নাতালে। কাতানিয়ার হয়ে খেলার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ফ্রান্সেসকো লোদি। ইন্টার পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে লাৎসিও’র বিপক্ষে। দিয়েগো মিলিতো খেলায় ফেরান ইন্টারকে ৪৪ মিনিটে। আর ৬৩ মিনিটে জয়সূচক গোল করেন গিয়ামপাওলো পাজ্জিনি। এর আগে খেলার ৩০ মিনিটে লাৎসিওকে এগিয়ে নিয়েছিলেন তোম্মাসো রচ্চি। জুভেন্টাস ১৯ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে মিলান। সমান খেলায় উদিনেসের পয়েন্ট ৩৮। এক সময় শীর্ষ দলের চেয়ে ইন্টার পিছিয়ে ছিল ১৫ পয়েন্ট। এখন সেই পার্থক্য ছয় পয়েন্টে কমিয়ে এনেছে। সেই সঙ্গে লাৎসিও’র বিপক্ষে জিতে দলটি উঠে গেছে চতুর্থ স্থানে। অথচ তারা মাঠে নেমেছিল এক পয়েন্ট পিছিয়ে থেকে। সা¤প্রতিক ইতিহাসে সেরি আ’র শিরোপার দৌড়ে ছিল মূলত দু’টো দল। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয় ইন্টার। গত বছর তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় নগর প্রতিপক্ষ মিলান। দিনের অন্য খেলায় পালের্মো ৫-৩ গোলে হারায় জেনোয়াকে। এছাড়া কালিয়ারি ও ফিওরেন্টিনার খেলা গোলশূন্য, সিয়েনা ও নাপোলি ১-১, লেস ও শিয়েভো ২-২ এবং বোলোনা ও পার্মার খেলা গোলশূন্য ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২০ ঘ.