২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের বিপক্ষে ইউনাইটেডের জয়

আন্তোনিও ভালেন্সিয়ার কুশলী ফুটবলের ওপর ভর করে রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে নগর প্রতিপক্ষের ওপর চাপ ঠিকই ধরে রেখেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তোনিও ভালেন্সিয়ার কুশলী ফুটবলের ওপর ভর করে রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে নগর প্রতিপক্ষের ওপর চাপ ঠিকই ধরে রেখেছে দলটি। এর আগের খেলায় টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়ে ইউনাইটেডের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গিয়েছিল তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। কিন্তু এই খেলায় জিতে পয়েন্টের ব্যবধান আবারো তিনে কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর অনিশ্চিত হয়ে পড়েছে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। এমিরেটস স্টেডিয়ামে ইকুয়েডর ‘উইঙ্গার’ ভালেন্সিয়া প্রথমার্ধের যোগ করা সময়ে মাথা দিয়ে গোল করে এগিয়ে নেন ইউনাইটেডকে। খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে গোলের সহজ সুযোগ সৃষ্টি করে দেন ড্যানি ওয়েলবেককে। প্রতিপক্ষের গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠাতে কোনো অসুবিধাই হয়নি তার। শেষ পর্যন্ত অবশ্য এটিই পরিণত হয় জয়সূচক গোলে। কেননা ৭১ মিনিটে লিগের ১৯তম গোল করে আর্সেনালকে খেলায় ফিরিয়ে এনেছিলেন রবিন ভ্যান পার্সি। খেলায় জিতেও খুশি নন ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, “বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেও গোল দিয়েছি মাত্র দু’টো। এটা নিঃসন্দেহে হতাশার।” সিটির পয়েন্ট ২২ খেলায় ৫৪। সমান খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে পঞ্চম স্থানে, চতুর্থ দল চেলসির চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ.