ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস কাপের কোয়ার্টার-ফাইনালের ফিরতি খেলার আগে ভালোভাবেই মনোবল চাঙ্গা করে নিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় দশ জনের অ্যাথলেটিক বিলবাওকে রোববার রিয়াল হারিয়েছে ৪-১ গোলে। আর লিওনেল মেসির হ্যাট্রিকের ওপর ভর করে বর্তমান চ্যাম্পিয়নরা একই ব্যবধানে জিতেছে মালাগার বিপক্ষে।
দিনের অন্য খেলায় মালোর্কা ১-০ গোলে হারায় রায়ো ভালেকানোকে। এছাড়া ওসাসুনা ও ভালেন্সিয়ার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আর গোলশূন্য ড্র করে লেভান্তে ও রিয়াল জারাগোজা।
মালাগাকে হারিয়ে কিছুক্ষণের জন্য পয়েন্টের ব্যবধান দুইয়ে কমিয়ে এনেছিল বার্সেলোনা। কিন্তু রিলবাওকে হারিয়ে ব্যবধান আবারো পাঁচে নিয়ে যায় রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে বিলবাও’র ফার্নান্দো লোরেন্তের ১৩ মিনিটের গোল পিছিয়ে পড়ে রিয়াল। কিন্তু ২৫ মিনিটে গোল শোধ করে দেন মার্সেলো।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটে কাকাকে ফাউল করেন আন্দের ইতুরাসপে। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ক্রিস্টিয়ানোর রোনালদোর শট ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক। বল সরাসরি আঘাত হানে জালের উপরের দিকে।
খেলার ৬৭ মিনিটে মেসুত ওজিলকে মাটিতে ফেলে দেন অস্কার মার্কোস। সঙ্গে সঙ্গে রেফারি মার্কোসকে মাঠ থেকে বের করে দেয়ার পাশাপাশি পেনাল্টি দেন রিয়ালকে। মৌসুমের ২৩তম গোল করতে কোনো অসুবিধা হয়নি শীর্ষ গোলদাতা রোনালদোর। ২২ গোল করে তার ঠিক পেছনেই আছেন লিওনেল মেসি।
দলের পক্ষে চতুর্থ গোল করেন হোসে কালেয়ন। এর আগে অবশ্য গোঞ্জালো হিগুয়াইনের শট ফিরে আসে পোস্ট কাঁপিয়ে।
মালাগার মাঠ রোসালেদা স্টেডিয়ামে খেলার ৩৩ মিনিটে আদ্রিয়ানো আড়াআড়িভাবে বল দেন টানা তিনবারের বর্ষসেরা খেলোয়াড় মেসিকে। নিয়ন্ত্রণে নিয়েই তিনি বল জড়িয়ে দেন জালে।
দ্বিতীয়ার্ধের তিন মিনিটে ব্যবধান ২-০ তে নিয়ে যান আলেক্সিস সানচেজ। তিন মিনিট পর মালাগার ঘুরে দাঁড়ানোর রাস্তা বন্ধ করে দেন মেসি। বল পায়ে নিয়ে তিনি তার ‘ট্রেডমার্ক’ দৌড় দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিড়ে ভেতরে ঢুকে বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়।
খেলার ৮০ মিনিটে বল নিয়ে দৌড়ে ‘মার্কার’দের পেছনে ফেলে মেসি আদায় করে নেন তার হ্যাট্রিক। লা লিগায় এটি তার দশম হ্যাট্রিক। আর সব ধরনের প্রতিযোগিতায় পঞ্চদশ।
মালাগার পক্ষে এক গোল শোধ করেন সালোমন রন্ডন, খেলার ৮৫ মিনিটে।
রিয়াল ১৯ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। দ্বিতীয় দল বার্সার পয়েন্ট ৪৪।
কিংস কাপের কোয়ার্টার-ফাইনালের ফিরতি খেলায় রিয়াল ও বার্স মুখোমুখি হবে বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৬ ঘ.
bdnews24