ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইনজুরি সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন মারিও বালোতেল্লি। ঘরের মাঠে পাওয়া জয়ের সুবাদে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ম্যান সিটি।
যদিও ম্যান সিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে ম্যান ইউ। ২২ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫৪। ২১ ম্যাচে ম্যান ইউর সংগ্রহ ৪৮ পয়েন্ট।
নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলার ফলাফল ছিলো ২-২। চার মিনিটের ইনজুরি সময়ের খেলা শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি। ঠিক সে সময়ে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়া বালোতেল্লিকে ফেলে দেন টটেনহ্যামের ডিফেন্ডার লেডলি কিং। পেনাল্টির বাঁশি বাজাতে বিন্দু মাত্র দ্বিধা করেননি রেফারি। শট নিতে আসেন বালোতেল্লি নিজে। চাতুর্যের সঙ্গে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে শুরু থেকেই সমান তালে খেলছিলো দুই দল। প্রথমার্ধ গোল শূন্য ছিলো। ৫৬ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন সামির নাসরি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জোলেয়ন লেসকট।
তবে পরের মিনিটেই ব্যবধান কমান জারমেইন ডেফো। ৬৫ মিনিটে গ্যারেথ বেলের লক্ষ্যভেদে খেলায় সমতাও নিয়েও আসে টটেনহ্যাম।
মাত্র দশ মিনিটের মধ্যে চার গোল হওয়ার পর খেলা ড্রয়ের দিকেই এগোচ্ছিলো। কিন্তু শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ম্যান সিটির শিরোপা-স্বপ্ন আরেকটু উজ্জ্বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৭ঘ.
bdnews24