ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিবর্ণ হয়ে গেল চেলসির শিরোপা জয়ের আশা। নরউইচ সিটির বিপক্ষে গোলের একাধিক সুযোগ নষ্ট করায় প্রিমিয়ার লিগে এগিয়ে থাকা দল গুলোর সঙ্গে কমিয়ে আনতে পারলো না পয়েন্টের ব্যবধান। গোলশূন্য ড্র করে তারা নরউইচের সঙ্গে। হোঁচট খেয়েছে লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডও।
এরই মধ্যে পয়েন্ট তালিকার চতুর্থ দল চেলসি শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশ খানিকটা। তারপরও ক্ষীণ একটা আশা ছিল। তাও ¤¬ান হয়ে গেল সুযোগ সৃষ্টি করেও গোল করতে না পারায়। এ জন্য দায়ী করা যেতে পারে আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেসকে।
এ অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নেয়াই হতে পারে এখন চেলসির মূল লক্ষ্য। তাই বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ৩-১ গোলে লিভারপুল ও ফুলহ্যামের কাছে নিউক্যাসল ইউনাইটেডের ৫-২ গোলে হার তাদের জন্য স্বস্তিই বয়ে এনেছে।
ফুলহ্যামের পক্ষে প্রিমিয়ার লিগে প্রথম আমেরিকান হিসেবে হ্যাট্রিক করেন ক্লিন্ট ডেম্পসি। তিনি তার গোল তিনটি করেন ৫৯, ৬৫ ও ৮৯ মিনিটে। এছাড়া পেনাল্টি থেকে বাকি গোল দু’টো দেন ড্যানি মার্ফি ৫২ ও ববি জামোরা ৬৮ মিনিটে।
নিউক্যাসলের পক্ষে গোল দু’টো করেন ড্যানি গুথরিয়ে ৪৩ মিনিটে ও ৮৫ মিনিটে হাতেম বেন আরফা।
চেলসি (২২ খেলায় ৪১ পয়েন্ট) এখন সিটির চেয়ে পিছিয়ে আছে দশ পয়েন্ট, টটেনহ্যাম হটস্পারের চেয়ে পাঁচ। কিন্তু ক্যারো রোডে দ্বিতীয়ার্ধে রীতিমতো জ্বলে ওঠে চেলসি। পয়েন্ট-ব্যবধান কমিয়ে আনারও সুযোগ পায় কয়েকবার। কিন্তু গোলের খেলা ফুটবলে গোল পায়নি তারা।
খেলার ৬০ মিনিটে চমৎকার একটি সুযোগ পান তোরেস। কিন্তু তার শট চলে যায় গোলপোস্টের অনেক দূর দিয়ে। এ নিয়ে ক্লাব ফুটবলে টানা ১৫ খেলায় গোল পেলেন না স্পেনের আক্রমণভাগের এই খেলোয়াড়। তার স্পেন দলের সতীর্থ হুয়ান মাতাও কাজে লাগাতে পারেননি বেশ কয়েকটি সুযোগ।
খেলা শেষে আন্দ্রে ভিলাস বোয়াস বলেন, “শিরোপার দৌড়ে টিকে থাকার জন্য বলতে গেলে এটিই ছিল আমাদের শেষ সুযোগ। এখন পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেবে এগিয়ে থাকা দলগুলো।”
সিটি রোববার খেলবে টটেনহ্যামের বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড খলবে আর্সেনালের সঙ্গে।
এদিকে পয়েন্ট তালিকার নিচের চার দলের একটি বোল্টনের বিপক্ষে জিতলে লিভারপুল উঠে আসতো চেলসির অনেক কাছাকাছি। পয়েন্ট ব্যবধান থাকতো মাত্র তিন।
কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৩-১ গোলে হারায় তালিকার একেবারে নিচের দল উইগ্যান অ্যাথলেটিকের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ২২ খেলায় এটি ছিল দলটির ১৩ তম হার।
দিনের অন্যান্য খেলায় পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলা ৩-২ গোলে জিতেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। এছাড়া সান্ডারল্যান্ড ২-০ গোলে সোয়ান্সি সিটিকে ও ওয়েস্ট ব্রমউইচ ২-১ গোলে স্টক সিটিকে হারায়। আর ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় এভারটন ও ব্ল্যাকবার্ন রোভার্সের খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১০ ঘ.
bdnews24