২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে চলেছেন জোকোভিচ-সেরেনা-শারাপোভা

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও পেত্রা কেভিতোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও পেত্রা কেভিতোভা। পুরুষ এককের শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ অতি সহজে ৬-০, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন ৩০তম জন্মদিনে খেলতে নামা ফ্রান্সের নিকোলাস মাহুতকে। চতুর্থ বাছাই মারেও পেয়েছেন অনায়াস জয়। ফ্রান্সেরই মাইকেল লদ্রার বিপক্ষে তিনি জিতেছেন ৬-৪, ৬-২, ৬-০ গেমে। বাছাইদের মধ্যে বিদায় নিয়েছেন সার্বিয়ার ইয়ানকো তিপসারেভিচ ও ফ্রান্সের গায়েল মনফিলস। নবম বাছাই তিপসারেভিচকে হারিয়েছেন ফ্রান্সের সপ্তদশ বাছাই রিচার্ড গ্যাসকেত। আর চতুর্দশ বাছাই মনফিলস হার মেনেছেন কাজাখস্থানের অবাছাই মিখাইল কুকুশকিনের কাছে। মেয়েদের বিভাগে হন্ডুরাসের গ্রেটা আর্নকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন সেরেনা। চার বছর আগে শিরোপা জয়ী মারিয়া শারাপোভাও জিতেছেন সহজেই। জার্মানের অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভাও অনায়াসে ৬-০, ৬-১ গেমে জিতেছেন ২৭ তম বাছাই মারিয়া কিরিলেঙ্কোর বিপক্ষে। তবে অঘটনের শিকার হয়েছেন রাশিয়ার সপ্তম বাছাই ভেরা জনারেভা এবং ফ্রান্সের নবম বাছাই মারিয়ন বারতোলি। জনারেভা হেরেছেন স্বদেশের অবাছাই খেলোয়াড় একাতেরিনা মাকারোভার কাছে। আর বারতোলিকে হারিয়েছেন চীনের অবাছাই জি ঝেং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪০ঘ.