ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের বিদ্রোহী খেলোয়াড় কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটিতে রেখে দিয়ে শিরোপার দৌড়ে তাকে ব্যবহার করার পরামর্শ স্রেফ উড়িয়ে দিয়েছেন কোচ রবার্তো মানচিনি।
জানুয়ারির দল-বদলের মৌসুমে তেভেজকে অন্য কোনো দলে ‘ট্রান্সফার’ করা সম্ভব না হওয়ায় তাকে আবারো খেলানোর পরামর্শ দেন মানচিনির সহকারী ডেভিড প্লাট।
কিন্তু মানচিনি সাফ জানিয়ে দেন, “অসম্ভব। কার্লোস ক্লাবে থাকতে চান না। এছাড়া আমাদের মধ্যে সমস্যাও রয়েছে।”
একই সঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, তার মাঠে ফেরা দরকার। কেননা তিনি একজন খেলোয়াড়। শেষবার মাঠে নামেন তিন মাস আগে। তেভেজের মাঠে না থাকা তার জন্য মোটেও ভালো কথা নয়।”
গত বছরের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর তেভেজ ও মানচিনি বিরোধে জড়িয়ে পড়েন।
মানচিনির দল রোববার প্রিমিয়ার লিগের ফিরতি খেলায় নিজেদের মাঠে স্বাগত জানাবে টটেনহ্যাম হটস্পারকে। প্রতিপক্ষের মাঠ হোয়াইট হার্ট লেনে প্রথম খেলায় ৫-১ গোলে জেতে সিটি। কিন্তু মানচিনি মনে করছেন, এই দুই খেলার মধ্যে আদৌ কোনো সম্পর্ক নেই।
তার ভাষায়, “ওই খেলা হয়েছিল পাঁচ মাস আগে, মৌসুমের প্রথম দিকে। কিন্তু এখন সব কিছই পাল্টে গেছে। আমার মনে হয়, আমাদের পরে তারাই এখন সব চেয়ে ভালো ফুটবল খেলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৪ ঘ.
bdnews24