ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুলেটের কিছু টুকরো এখনো রয়ে গেছে প্যারাগুয়ের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় সালভাদর কাবানাসের মাথায়। তারপরও শুক্রবার মাঠে নামলেন তিনি তৃতীয় বিভাগের দল টুয়েলভ ডি অক্টোব্রে’র হয়ে।
কাবানাসের জন্ম-শহর ইতাউগুয়ায় আয়োজিত খেলাটি অবশ্য প্রতিযোগিতামূলক ছিল না, ছিল প্রীতি ম্যাচ।
পুরো ৯০ মিনিট নয়, কাবানাস খেলেন ১৫ মিনিট। এরপরই তার বদলে নামানো হয় আরেকজনকে।
খেলা চলার সময় কাবানাস তার মনের কথা তুলে ধরেন ঠিক এভাবে, “আমার স্বপ্ন আজ বাস্তব রূপ নিলো।”
ক্লাব সভাপতি লুইস সালিনাস বলেন, কাবানাসের ‘ট্রান্সফার’ নিয়ে আলোচনার জন্য তার সাবেক দল ক্লাব আমেরিকার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।
তার ভাষায়, “আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে আমি টেলিফোনে কথাবার্তা বলেছি। কাবানাসকে নেয়ার জন্য দৃশ্যত, কোনো অর্থ-কড়ি লাগবে না। কিন্তু কাগজ-পত্রের কাজ তো সারতে হবে।”
মেক্সিকোর রাজধানীর একটি পানশালায় ২০১০ সালের ২৫ জানুয়ারি ফুটবল নিয়ে বিতর্কের এক পর্যায়ে খুব কাছ থেকে কাবানাসের মাথায় গুলি করা হয়। তার মাথায় এখনো গুলির টুকরো রয়ে গেছে। চিকিৎসকরা ওগুলো বের না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, টুকরোগুলো বের করতে গেলে ঝুঁকির মুখে পড়তে পারে কাবানাসের জীবন।
তাকে গুলি করেন হোসে হোর্গে বালদেরাস নামের এক লোক। মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয়। কাবানাসকে গুলি করার এক বছর পর গ্রেপ্তার করা হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৭ ঘ.
bdnews24