ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চান? তাহলে ফুটবল মাঠে বিয়ার সরবরাহের প্রস্তুতি নিলে আপনি ভালো করবেন। ঠিক এ কথাটাই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সোজাসুজি জানিয়ে দিয়েছে ব্রাজিল ও রাশিয়াকে।
এরই মধ্যে স্টেডিয়ামে বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা বাতিল করারও আহ্বান জানিয়েছে তারা দেশ দু’টোর প্রতি।
“অ্যালকোহল জাতীয় পানীয় ফিফা বিশ্বকাপেরই অংশ। তাই মাঠে আমরা তা পেতে চাই। আমি যদি ঔদ্ধত্যপূর্ণ কথা বলে থাকি, তাহলে ক্ষমা করবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা আলোচনাই করতে চাই না,” রিও ডি জেনিরোতে ফিফা সাধারণ সম্পাদক জেরোম ভালকে সাফ জানিয়ে দেন সাংবাদিকদের।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুমতি দেয়ার আহ্বান জানান।
এরই মধ্যে রাশিয়ার ফুটবল ফেডারেশনের প্রধান তার দেশের স্টেডিয়ামে বিয়ারের বিজ্ঞাপন আবারো ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
২০১৮ সালের বিশ্বকাপ হওয়ার কথা রাশিয়ায়।
ব্রাজিলের ফুটবল মাঠেও বিয়ার বিক্রি নিষিদ্ধ রয়েছে। মুলত দাঙ্গা-হাঙ্গামা কমানোর জন্য এই উদ্যাগ নেয়া হয়।
ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা অবশ্য ফিফার সঙ্গে মোটেও একমত নন। তারা নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে। তবে ব্রাজিলের এক পার্লামেন্ট সদস্য শুধু বিশ্বকাপ নয়, সারা দেশের ফুটবল মাঠে অ্যালকোহল জাতীয় পানীয়র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেন ডিসেম্বরে।
কিন্তু ২০২২ সালে ফিফা সমস্যায় পড়তে পারে কাতারে। রক্ষণশীল এই মুসলিম দেশটিতে যেখানে-সেখানে বিয়ার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির পাঁচতারা হোটেলগুলোতে কিছু পানশালা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৭ ঘ.
bdnews24