ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হবে খেলা।
মুক্তিযোদ্ধার জন্য শুধু ফাইনালে ওঠার লড়াই-ই নয়, ম্যাচটি প্রতিশোধেরও। গ্র“প পর্বের শেষ ম্যাচে বিজেএমসির কাছে ২-৩ গোলে হার মেনেছিলো তারা।
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক অবশ্য এটিকে প্রতিশোধের ম্যাচ বলে মনে করছেন না। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শিরোপা জয়। এই ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছি না। তবে প্রতিশোধের কোনো চিন্তা নেই আমাদের মনে।”
“গ্র“প পর্বে ওদের কাছে হেরে গেলেও আমাদের লাভও কম হয়নি। ঐ ম্যাচে ওদের সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। সেমিফাইনালে যা কাজে আসবেই,” যোগ করেন তিনি।
বিজেএমসিকে কঠিন প্রতিপক্ষ বলেই মনে করছেন মানিক। তিনি বলেন, “বিজেএমসি যথেষ্ট গোছানো দল। ওদের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড় আছেন। তারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তবে আমরাও ভীষণ সতর্ক। খেলোয়াড়রা নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত।”
“ফরাশগঞ্জের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আমরা ভাগ্যের তেমন সহায়তা পাইনি। ম্যাচটা তাই কঠিন হয়ে পড়েছিলো আমাদের জন্য। আশা করি শুক্রবার তেমন কিছু হবে না,” যোগ করেন মানিক।
দুই ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজা ও ডিফেন্ডার রাফায়েল ডি অ্যান্ড্রোডে যোগ দেয়ায় মুক্তিযোদ্ধার শক্তি বেড়ে যাওয়ার কথা। তবে কোয়ার্টার ফাইনালে দুজনেই খেললেও কেউই মাঠে ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি।
অবশ্য তাদের খেলা নিয়ে অসন্তুষ্ট নন মানিক। তিনি বলেন, “ভিন্ন পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে হুট করে ভালো খেলা প্রায় অসম্ভব। সেজন্য তাদের সময়ের প্রয়োজন। আমার কাছে দুজনকেই কার্যকর খেলোয়াড় বলে মনে হচ্ছে।”
গ্র“প পর্বে মুক্তিযোদ্ধার বিপক্ষে সাফল্য নিয়ে মোটেই উচ্ছ্বসিত নন বিজেএমসির কোচ জাকারিয়া বাবু। তিনি বলেন, “ঐ জয় এখন আমাদের কাছে অতীত। আমার সব ভাবনা এখন বর্তমান নিয়ে। আমার প্রধান লক্ষ্য ফাইনালে খেলা।”
“আমার দলের মূল শক্তি টিম স্পিরিট। এটাকে পুঁজি করেই আমরা শেষ চারে উঠে এসেছি,” যোগ করেন বিজেএমসির কোচ।
জাকারিয়া বাবুর বিশ্বাস, তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে বিজেএমসি দারুণ গোছানো দল। তিনি বলেন, “আমার দলের ২৭ জন খেলোয়াড়ই ভালো। ভালো করার ব্যাপারে তারা আত্মবিশ্বাসীও।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০০ঘ.
bdnews24