২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালাক্সিতেই থেকে গেলেন বেকহ্যাম

শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতেই থেকে গেলেন ডেভিড বেকহ্যাম। এর কারণ হিসেবে তিনি বলছেন, তার পরিবার সেখানেই ‘স্থায়ী’ গেছে। দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রে থাকারও আশা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতেই থেকে গেলেন ডেভিড বেকহ্যাম। এর কারণ হিসেবে তিনি বলছেন, তার পরিবার সেখানেই ‘স্থায়ী’ গেছে। দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রে থাকারও আশা করছেন তিনি। ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক জানান, মেজর লিগ সকারের দলটির সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করতে রাজি হয়েছেন তিনি। এর অর্থ ২০১২ ও ২০১৩ মৌসুম খেলছেন তিনি মেজর লিগে। দলটির সঙ্গে তার ৩২.৫ মিলিয়ন ডলারের সাড়ে চার বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় গত মাসে। ২০০৭ সালের গ্রীষ্মে লস অ্যাঞ্জেলেসে যান তিনি। “এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত,” বলেন বেকহ্যাম। নতুন চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন তিনি প্রায় ৩৯ বছর ছুঁয়ে ফেলবেন। বিশ্বের অনেক দল যে তাকে নিতে চেয়েছিল, সে কথা স্বীকার করে তিনি বলেন, “তবে আমি যুক্তরাষ্ট্রে খেলতে চাই। ট্রফি জিততে চাই গ্যালাক্সির হয়ে।” তাকে নিতে চেয়েছিল ফ্রান্সের দল প্যারিস সেইন্ট-জার্মেইন। এ জন্য তারা কম চেষ্টাও করেনি। নতুন চুক্তি সম্পর্কে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। অর্থ-কড়ি সম্পর্কেও জানা যায়নি কিছুই। তবে ধারণা করা হচ্ছে, লন্ডন অলিম্পিকে দেশের হয়ে খেলার জন্য তাকে পর্যাপ্ত সময় দেয়া হবে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা লস অ্যাঞ্জেলেসে, বৃহস্পতিবার বিকেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০০ঘ.