ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবা ফেডারেশনের কক্ষে তালা ঝুলিয়ে এখন মুখোমুখি অবস্থানে দাবাড়– ও কর্মকর্তারা। বর্তমান কমিটির পদত্যাগের দাবিতে দাবাড়ুদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বুধবার এই দাবি নিয়ে ফেডারেশনের কার্যালয়ের সামনে জড়ো হন ৩০-৪০ দাবাড়– । তবে পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন।
বর্তমান কমিটির অধীনে দাবাড়–রা আর খেলতে রাজি নন। আন্দোলনে নেতৃত্ব দেয়া ফিদে মাস্টার খোন্দকার আমিনুল ইসলাম বলেন, “ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নির্বাচনের আশ্বাস দিয়েছেন। তবে আমরা তাতে পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা চাই এই কমিটি ভেঙ্গে দিয়ে একজন অন্তর্র্বতী প্রশাসক নিয়োগ দেয়া হোক। যিনি খেলা চালানোর পাশাপাশি তিন মাসের মধ্যে নির্বাচনও দেবেন।”
“বর্তমান অবস্থায় প্রশাসক নিয়োগ করা হলে তিনি ভালোভাবে ফেডারেশন চালাতে পারবেন। আমাদের বিশ্বাস তার ফলে ফেডারেশন আরো ভালোভাবে চলবে,” যোগ করেন তিনি।
দাবি আদায়ের লক্ষ্যে দাবাড়–রা প্রতিদিন ফেডারেশনে আসবেন এবং মিছিল-মিটিং করে যাবেন বলেও জানিয়েছেন আমিনুল। তিনি বলেন, “আমাদের একটাই দাবি। এই কমিটির অধীনে আর খেলা নয়।”
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মোকাদ্দেস হোসেন পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন। এর জবাবে সাধারণ ডায়েরি করেন বিক্ষুব্ধ দাবাড়–রাও।
এদিকে ফেডারেশনের অ্যাডহক কমিটির আরো দুজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। কার্যনির্বাহী কমিটির দুই সদস্য তৌহিদুর রহমান ও কাউসার আলী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে কমিটির ২৬ জনের মধ্যে ৮ জন কর্মকর্তা পদত্যাগ করলেন।
তবে মোকাদ্দেস হোসেন পদত্যাগের কথা কল্পনাও করছেন না। তিনি বলেন, “আন্দোলনরতদের মধ্যে হাতে গোনা কয়েক জন নিয়মিত দাবা খেলছেন। তবে ভবিষ্যতে তাদের আর কোনো প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেয়া হবে না । এ নিয়ে আমরা শিগগিরি জরুরী সভায় বসছি।”
বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সোমবার বিকেলে দাবা ফেডারেশনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন দাবাড়–রা। তাদের অভিযোগ, কর্মকর্তারা দীর্ঘ দিন ধরে গঠনতন্ত্র বিরোধী কাজ করছেন এবং তারা দুর্নীতির সঙ্গেও জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৩ঘ.
bdnews24