ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজের ঠিকানা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। সর্বশেষ শোনা গিয়েছিল প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যাচ্ছেন তিনি। কিন্তু ম্যানচেস্টার সিটি জানিয়ে দিয়েছে, ফ্রান্সের দলটির সঙ্গে চুক্তি নিয়ে তাদের কোনো সমঝোতা হয়নি।
এর আগে পিএসজি’র কর্মকর্তারা প্যারিসে জানিয়েছিলেন, সাড়ে তিন বছরের জন্য চুক্তি নিয়ে সমঝোতা হওয়ায় ফ্রান্স আসছেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়।
কিন্তু সিটির এক মুখপাত্র বলছেন, খবরটির কোনো ভিত্তি নেই।
“খবরটি মোটেও সত্য নয়,” বলেন মুখপাত্র, “কার্লোস তেভেজকে নেয়ার জন্য প্যারিস সেইন্ট-জার্মেইনের কাছ থেকে ম্যানচেস্টার সিটি কোনো প্রস্তাবই পায়নি।”
সিটি কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পর থেকে খেলানো হচ্ছে না তেভেজকে। সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে গা গরম করতে অস্বীকার করার পর থেকে এই বিরোধ দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৩ ঘ.
bdnews24